গাইবান্ধা-১ আসনে জামায়াত প্রার্থী মাজেদুর রহমান মাজেদের প্রার্থিতা বৈধ ঘোষণা।
- আপডেট সময় : ০৬:৪৮:০০ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
- / ১৩৮ বার পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধি :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক মাজেদুর রহমান মাজেদের প্রার্থিতা পুনর্বহাল করে বৈধ ঘোষণা করা হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশনার আলোকে রিটার্নিং কর্তৃপক্ষ পূর্বের সিদ্ধান্ত থেকে সরে এসে এই ঘোষণা দেয়।
রোববার (৪ জানুয়ারি) দুপুরে গাইবান্ধা জেলার রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা পেশায় সম্পৃক্ত থাকার কারণে প্রাথমিকভাবে অধ্যাপক মাজেদুর রহমান মাজেদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল। তবে নির্বাচন কমিশন থেকে পাঠানো লিখিত নির্দেশনায় স্পষ্ট করা হয়—শিক্ষকতা পেশায় নিয়োজিত থাকলেও জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণে আইনগত কোনো বাধা নেই। এ নির্দেশনার ভিত্তিতে পুনর্বিবেচনা করে তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
এর আগে গত শুক্রবার (২ জানুয়ারি) গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) ও গাইবান্ধা-২ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, সিপিবি ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট আটজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছিল। এ ঘটনায় জেলার রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, গাইবান্ধা জেলার পাঁচটি সংসদীয় আসনে মোট ৪৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। প্রাথমিক যাচাই-বাছাই শেষে ১৬ জনের মনোনয়নপত্র বাতিল এবং ২৯ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। পরে অধ্যাপক মাজেদুর রহমান মাজেদের প্রার্থিতা পুনর্বহাল হওয়ায় বৈধ প্রার্থীর সংখ্যা বেড়ে দাঁড়ায় ৩০ জনে।
নির্বাচনী তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম চলে ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি।
আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
মনোনয়ন বৈধ ঘোষণার খবরে সুন্দরগঞ্জ আসনের নির্বাচনী সমীকরণে নতুন করে আলোচনা শুরু হয়েছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষক ও পর্যবেক্ষকরা।
উল্লেখ্য, গাইবান্ধা জেলার সাতটি উপজেলা ও চারটি পৌরসভা নিয়ে গঠিত পাঁচটি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ২১ লাখ ৯০ হাজার ৪০০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১০ লাখ ৮২ হাজার ৪০১ জন, নারী ভোটার ১১ লাখ ৭৯ হাজার ৬৩ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৩৬ জন। জেলায় মোট ৬৭৫টি ভোটকেন্দ্র ও ৪ হাজার ১০১টি ভোটকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।










