গাজীপুরে ঝুট গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ৬ ইউনিট ফায়ার সার্ভিস।
- আপডেট সময় : ০২:৩৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
- / ৯৪ বার পড়া হয়েছে

গাজীপুর মহানগরীর কোনাবাড়ি থানাধীন দেওয়ালিয়াবাড়ি এলাকায় ঝুটের একাধিক গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেল সোয়া ৪টার দিকে দেওয়ালিয়াবাড়ি কাঁঠালতলা এলাকায় অবস্থিত একটি ঝুট গোডাউনে প্রথমে আগুনের সূত্রপাত হয়। স্থানীয়রা গোডাউন থেকে ধোঁয়া উঠতে দেখে বিষয়টি টের পান। অল্প সময়ের মধ্যেই আগুন পাশের আরও কয়েকটি ঝুট গোডাউনে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে প্রথমে কোনাবাড়ি ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে। তবে আগুনের তীব্রতা বাড়তে থাকায় পরবর্তীতে সারাবো ও ডিবিএল ফায়ার স্টেশন থেকে আরও চারটি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোহাম্মদ মামুন বলেন, “একাধিক ঝুট গোডাউনে আগুন ছড়িয়ে পড়েছে। বর্তমানে ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুনের সূত্রপাতের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা যায়নি।”
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ঝুট গোডাউনগুলোতে দাহ্য পদার্থ বেশি থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।










