কুড়িগ্রাম সীমান্তে বিজিবির প্রতিবাদে বিএসএফের সড়ক নির্মাণ স্থগিত।
- আপডেট সময় : ০২:৪৩:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
- / ১৩৪ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার খলিশাকোটাল সীমান্তে আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সড়ক নির্মাণ শুরু করলে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ ঘটনায় বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী—বিজিবি ও বিএসএফের মধ্যে দফায় দফায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বিজিবির তীব্র প্রতিবাদের মুখে শেষ পর্যন্ত নির্মাণকাজ সাময়িকভাবে স্থগিত করেছে বিএসএফ।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানার করলা এলাকায় কুর্শাহাট-টু-দিনহাটা সড়কের পাকা নির্মাণকাজ শুরু করে ভারতীয় মেঘ নারায়ণের কুঠি বিএসএফ ক্যাম্পের সদস্যরা। বিষয়টি টের পেয়ে স্থানীয়দের সঙ্গে নিয়ে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন বালারহাট বিজিবি ক্যাম্পের সদস্যরা নির্মাণকাজে বাধা দেন। এতে সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রা লাঠিসোঁটা নিয়ে বিজিবির সঙ্গে অবস্থান নেন।
এর আগে একই দিন বিকাল ৩টার দিকে প্রথম দফায় রাস্তা নির্মাণ শুরু করলে বিজিবি বাধা দিয়ে পতাকা বৈঠকের আহ্বান জানায়। বিকাল সোয়া ৩টার দিকে আন্তর্জাতিক সীমান্ত পিলার ৯৩৪-এর পাশে বিজিবি-বিএসএফের প্রথম দফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে বিএসএফ সাময়িকভাবে কাজ বন্ধ রাখার প্রতিশ্রুতি দিলেও বিজিবির টহল দল সরে যাওয়ার পর বিকাল চারটার দিকে পুনরায় নির্মাণকাজ শুরু করে।
পরে বিজিবি ও স্থানীয় জনগণের প্রতিরোধের মুখে বিএসএফ দ্বিতীয় দফা পতাকা বৈঠকে বসতে বাধ্য হয়। সীমান্ত পিলার ৯৩৪-এর ১ নম্বর সাব পিলারের পাশে ভারতীয় নোম্যান্সল্যান্ডে অনুষ্ঠিত দ্বিতীয় দফা বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বালারহাট বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আবু তাহের এবং ভারতের পক্ষে নেতৃত্ব দেন মেঘ নারায়ণের কুঠি বিএসএফ ক্যাম্পের ইন্সপেক্টর দীপক কুমার।
স্বল্প সময়ের বৈঠকে উভয় পক্ষ আগামী ১৩ জানুয়ারি অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত করার বিষয়ে একমত হন। সেই সঙ্গে ওই দিন পর্যন্ত সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার বিষয়ে সম্মতি দেয় বিএসএফ।
বিজিবি সূত্রে জানা গেছে, খলিশাকোটাল সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ৯৩৪-এর ১ নম্বর সাব পিলার থেকে ১১ নম্বর সাব পিলার পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে ভারতীয় একটি সড়ক শূন্য লাইন থেকে ৫০ থেকে ১২০ গজের মধ্যে অবস্থিত। আন্তর্জাতিক সীমান্ত আইন অনুযায়ী শূন্য লাইন থেকে উভয় দেশের ১৫০ গজের মধ্যে কোনো ধরনের পাকা স্থাপনা নির্মাণ নিষিদ্ধ। অথচ ওই আইন অমান্য করেই বিএসএফ পাকা সড়ক নির্মাণ শুরু করে বলে অভিযোগ করেছে বিজিবি।
স্থানীয় বাসিন্দা মজিবর রহমান ও উমর আলী মন্টু জানান, গত কয়েক দিন ধরে বিএসএফ রাতের আঁধারে সীমান্তঘেঁষা এলাকায় নতুন সড়ক নির্মাণ করে আসছিল। বিজিবির বাধা সত্ত্বেও তারা কাজ বন্ধ করেনি। আজ এলাকাবাসী বিজিবির পাশে দাঁড়িয়ে কাজ বন্ধ করতে সক্ষম হয়েছে। তবে রাতে আবারও কাজ শুরুর আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে বালারহাট বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আবু তাহের বলেন, “পতাকা বৈঠক চলাকালে উভয় দেশের অধিনায়ক পর্যায়ে ফোনালাপ হয়েছে। আগামী ১৩ জানুয়ারির আগে বিএসএফ আর কোনো কাজ করবে না বলে সম্মত হয়েছে। ওই বৈঠকের পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”










