গাইবান্ধায় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইসসহ আটক ৫১ পরীক্ষার্থী।
- আপডেট সময় : ০৩:৫৫:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
- / ১৬৩ বার পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধি :
গাইবান্ধায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ–২০২৫ এর লিখিত (এমসিকিউ) পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে নারীসহ মোট ৫১ জন পরীক্ষার্থীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আটককৃতদের মধ্যে ১৭ জন নারী এবং ৩৪ জন পুরুষ রয়েছেন।
শুক্রবার (৯ জানুয়ারি) বিকাল ৩টা থেকে সাড়ে ৪টার মধ্যে পরীক্ষা চলাকালীন সময়ে জেলার বিভিন্ন পরীক্ষাকেন্দ্র থেকে তাদের আটক করা হয়। আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, মোবাইল ফোন ও বিশেষ ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে এসএমএস ব্যবহার করে প্রশ্নের উত্তর সংগ্রহের সময় হাতেনাতে ধরা পড়েন তারা।
জেলা প্রশাসন সূত্র জানায়, গাইবান্ধা জেলায় মোট ৪৩টি কেন্দ্রে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মধ্যে গাইবান্ধা সদরে ৩৭টি, পলাশবাড়ী উপজেলায় ৪টি এবং ফুলছড়ি উপজেলায় ২টি পরীক্ষাকেন্দ্র ছিল।
এ পরীক্ষায় ৪০০টি পদের বিপরীতে মোট ২৭ হাজার ৬৮৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।
আটককৃতদের মধ্যে গাইবান্ধা সদর উপজেলা থেকে ৩৭ জন, পলাশবাড়ী উপজেলা থেকে ১২ জন এবং ফুলছড়ি উপজেলা থেকে ২ জন রয়েছেন।
আটক নারী পরীক্ষার্থীদের মধ্যে সদর উপজেলা থেকে ১১ জন, পলাশবাড়ী থেকে ৪ জন এবং ফুলছড়ি থেকে ২ জন।
আটকের পর সকল পরীক্ষার্থীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে গাইবান্ধা সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (বি সার্কেল) শেখ মুসতাজুল ইসলাম বলেন,
“পরীক্ষায় অনিয়ম ও অসদুপায় অবলম্বনের দায়ে আটক সকলের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হবে।”
তিনি আরও বলেন,
“সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ ও নকলমুক্ত রাখতে প্রশাসনের পক্ষ থেকে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।”
উল্লেখ্য, পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে আগেই ১৪৪ ধারা জারি করা হয়। পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করেন।










