নির্বাচনের আগে নতুন পে স্কেল বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি: অর্থ উপদেষ্টা
- আপডেট সময় : ০৮:২৬:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
- / ১৭৫ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট | ১৩ জানুয়ারি ২০২৬:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নতুন পে স্কেল দেওয়া বা না দেওয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
অর্থ উপদেষ্টা বলেন, নির্বাচনের আগে পে স্কেল ঘোষণা করা হবে কি না—এ বিষয়ে সরকার এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। তবে এ বিষয়ে গঠিত পে কমিশন কাজ করছে। কমিশনের প্রতিবেদন পাওয়ার পর পে স্কেল সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
এ সময় তিনি আরও জানান, বিদেশে কর্মসংস্থানের লক্ষ্যে ৬০ হাজার চালককে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে হালকা ও ভারী যানবাহন চালনায় তাদের দক্ষতা বৃদ্ধি করা হবে, যাতে তারা আন্তর্জাতিক মানসম্পন্ন চালক হিসেবে গড়ে উঠতে পারেন।
অর্থ উপদেষ্টা বলেন, দক্ষ জনশক্তি তৈরি ও বৈদেশিক কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যে সরকার এ ধরনের বাস্তবমুখী প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়নে গুরুত্ব দিচ্ছে।










