থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ক্রেন ভেঙে পড়ল, নি’হত অন্তত ২২, আহত ৭৯
- আপডেট সময় : ০৬:২৮:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
- / ১২৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক | ১৪ জানুয়ারি ২০২৬:
থাইল্যান্ডে চলন্ত একটি যাত্রীবাহী ট্রেনের ওপর নির্মাণকাজে ব্যবহৃত একটি বিশাল ক্রেন ভেঙে পড়ে অন্তত ২২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ৭৯ জন। দুর্ঘটনার পর ট্রেনের একাধিক বগিতে আগুন ধরে যায় এবং বহু যাত্রী আটকা পড়েন।
বুধবার সকালে ব্যাংককের উত্তরে নাখন রাচাসিমা প্রদেশের বান থানন খোট এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে বিবিসি।
পুলিশ জানায়, দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। এখন পর্যন্ত ২২টি মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, দুর্ঘটনাকবলিত ক্রেনটি লাওস সীমান্ত থেকে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক পর্যন্ত দ্রুতগতির রেলপথ নির্মাণ প্রকল্পে ব্যবহৃত হচ্ছিল। দুর্ঘটনার সময় ট্রেনটি ব্যাংকক থেকে দেশের উত্তর-পূর্বাঞ্চলের উবন রাচাসিমার উদ্দেশে যাচ্ছিল।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, বিশাল ক্রেনটি ট্রেনের একটি বগির ওপর সরাসরি পড়ে। এতে ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে যায় এবং একাধিক বগিতে আগুন ধরে যায়। আগুন ও ধ্বংসস্তূপের কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে থাইল্যান্ডের রেল কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন। নির্মাণকাজে নিরাপত্তা ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।










