উত্তরার সাত তলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড নিহত ৬, আহত অন্তত ১৩—শর্টসার্কিটের আশঙ্কা
- আপডেট সময় : ০৮:৩৬:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
- / ১৫৩ বার পড়া হয়েছে

ডেস্ক নিউজ: রাজধানীর উত্তরায় সাততলা একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয়জনে। আহত হয়েছেন অন্তত ১৩ জন, যাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ৭টা ৫০ মিনিটের দিকে উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের একটি আবাসিক ভবনে আগুন লাগে। ভবনের দ্বিতীয় তলা থেকে আগুনের সূত্রপাত হয় এবং দ্রুত তা ওপরের তলাগুলোতে ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিস প্রথমে তিনজন নিহত হওয়ার তথ্য জানায়। পরে কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজন মারা যান বলে নিশ্চিত করেন পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার শাহরিয়ার আলী।
নিহত ছয়জনের মধ্যে দুইজন নারী, একজন পুরুষ ও একটি শিশু রয়েছে। বাকি দুইজনের নাম ও পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।
ফায়ার সার্ভিসের জনসংযোগ শাখার কর্মকর্তা তালহা বিন জসিম জানান, আগুনে পুড়ে তিনজন ঘটনাস্থলেই মারা যান এবং ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া ১৩ জনকে উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়।
তিনি বলেন, “ঘরের ভেতরে প্রচুর আসবাবপত্র থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, যার ফলে হতাহতের সংখ্যা বেশি হয়েছে।”
ফায়ার সার্ভিসের ঢাকা জোন-৩-এর উপসহকারী পরিচালক মো. আবদুল মান্নান জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। আগুন দ্বিতীয় তলা থেকে তৃতীয় তলা পর্যন্ত ছড়িয়ে যায়।
সকাল ৮টা ২৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে এবং সকাল ১০টার দিকে পুরোপুরি নির্বাপণ করা হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ঘটনার পর এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে। আগুনের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।










