ঠিকানা জটিলতায় মালয়েশিয়া ও ইতালি থেকে ৫৬০০ প্রবাসীর পোস্টাল ব্যালট ফেরত
- আপডেট সময় : ০৩:৫১:৫২ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
- / ১২০ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:
যথাযথ ঠিকানা না পাওয়ায় মালয়েশিয়া ও ইতালি থেকে পাঠানো ৫ হাজার ৬০০ জন প্রবাসী ভোটারের পোস্টাল ব্যালট ফেরত এসেছে। সোমবার (১৯ জানুয়ারি) নির্বাচন কমিশনে (ইসি) এক ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ এ তথ্য জানান।
তিনি বলেন, প্রবাসী ভোটারদের সঠিক ঠিকানা না থাকায় এসব ব্যালট পেপার সংশ্লিষ্ট দেশে ভোটারদের কাছে পৌঁছাতে পারেনি। তবে পোস্টাল ব্যালটে ফেস ডিটেকশন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, ফলে একজনের ভোট অন্য কেউ দেওয়ার কোনো সুযোগ নেই। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, তা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই বলেও মন্তব্য করেন তিনি।
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে নিবন্ধন করেছেন ১৫ লাখ ৩৩ হাজার প্রবাসী ভোটার।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ দেবেন। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত।
ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার, সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।










