ওসমান হাদির পরিবারকে ঢাকায় ফ্ল্যাট কিনতে সরকারের ১ কোটি টাকা বরাদ্দ
- আপডেট সময় : ০১:৪১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
- / ১২৮ বার পড়া হয়েছে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আন্দোলনকর্মী শরীফ ওসমান বিন হাদির পরিবারকে ঢাকায় একটি ফ্ল্যাট কেনার জন্য এক কোটি টাকার বিশেষ অনুদান দিচ্ছে সরকার।
রাজধানীর লালমাটিয়ার সরকারি দোয়েল টাওয়ারে ১ হাজার ২১৫ বর্গফুট আয়তনের একটি ফ্ল্যাট ক্রয় ও সুসজ্জিত করার উদ্দেশ্যে এই অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার অর্থ মন্ত্রণালয় এই বরাদ্দ অনুমোদন দেয়।
তবে ফ্ল্যাট হস্তান্তরের ক্ষেত্রে শরীফ ওসমান বিন হাদির স্ত্রী ও সন্তানের পরিচয় যথাযথভাবে যাচাই করার শর্ত সংযুক্ত করা হয়েছে।
জানা গেছে, চলতি অর্থবছরে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের ‘আবাসিক ভবন’ খাতে বরাদ্দ রাখা ছয় কোটি টাকা থেকে এই অনুদানের অর্থ ব্যয় করা হবে।
শরীফ ওসমান বিন হাদি জুলাই মাসের অভ্যুত্থান ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলনের মাধ্যমে দেশজুড়ে পরিচিতি পান। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণাও দিয়েছিলেন।
গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় গণসংযোগে গেলে মোটরসাইকেল আরোহী এক আততায়ীর গুলিতে তিনি গুরুতর আহত হন। উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মারা যান।
শরীফ ওসমান বিন হাদির মৃত্যুর পর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ঘোষণা দেন, হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব রাষ্ট্র গ্রহণ করবে।










