প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ
- আপডেট সময় : ০৩:২২:৫৮ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
- / ১৯৫ বার পড়া হয়েছে

অবশেষে বহুল আলোচিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার লিখিত ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে মোট ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থী মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন।
বুধবার (২১ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে এ ফলাফল প্রকাশ করা হয়।
এর আগে গত ৯ জানুয়ারি পার্বত্য তিন জেলা বাদে দেশের ৬১ জেলায় একযোগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার ফলাফলের ভিত্তিতেই এই সংখ্যক প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়েছে। উত্তীর্ণ প্রার্থীরা তাদের ফলাফল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট (mopme.gov.bd) এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট (dpe.gov.bd) থেকে জানতে পারবেন।
এই নিয়োগ পরীক্ষায় ১৪ হাজার ৩৮৫টি শূন্যপদের বিপরীতে অংশ নেন ১০ লাখ ৮০ হাজারের বেশি পরীক্ষার্থী, যা সাম্প্রতিক সময়ে দেশের অন্যতম বড় প্রতিযোগিতামূলক নিয়োগ পরীক্ষা হিসেবে বিবেচিত হচ্ছে।
তবে পরীক্ষা শুরুর কয়েক দিন আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নফাঁসের গুঞ্জন ছড়িয়ে পড়ে। কেউ কেউ ফাঁস হওয়া প্রশ্ন দাবি করে ফেসবুকে পোস্ট দেন। একই সঙ্গে সক্রিয় হয়ে ওঠে তথাকথিত ‘ডিভাইস পার্টি’, যারা পরীক্ষার্থীদের সঙ্গে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে নকলের সহায়তা দেওয়ার চেষ্টা করে।
এ ঘটনায় ডিভাইস ব্যবহার করে পরীক্ষা দেওয়ার সময় ২০৭ জন চাকরিপ্রার্থীকে হাতেনাতে আটক করা হয়। এর মধ্যে গাইবান্ধায় ৫৩ জন, নওগাঁয় ১৮ জন, দিনাজপুরে ১৮ জন, কুড়িগ্রামে ১৬ জন এবং রংপুরে ২ জন রয়েছেন।
প্রশ্নফাঁস ও নানা অনিয়মের অভিযোগ তুলে পরীক্ষা বাতিলের দাবিতে চাকরিপ্রার্থীদের একটি অংশ আন্দোলনেও নামেন। তবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, প্রশ্নফাঁসের কোনো প্রমাণ পাওয়া যায়নি। যারা জালিয়াতির চেষ্টা করেছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। ফলে পরীক্ষা বাতিলের কোনো সুযোগ নেই বলে স্পষ্ট অবস্থান জানিয়েছে কর্তৃপক্ষ।










