অ্যাক্রিডিটেশন বাতিল: ভারতে যেতে পারছেন না কোনো বাংলাদেশি সাংবাদিক
- আপডেট সময় : ০৫:৪৫:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
- / ১৩৮ বার পড়া হয়েছে

ঢাকা:
সবকিছু ঠিক থাকলে আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হচ্ছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে গিয়ে খেলতে অস্বীকৃতি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। টাইগাররা চেয়েছিল বিশ্বকাপের সহ-আয়োজক দেশ শ্রীলঙ্কায় গিয়ে নিজেদের ম্যাচগুলো খেলতে।
কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের অনুরোধ গ্রহণ করেনি। ফলে ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় থাকায় বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে তাদের পরিবর্তে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করেছে আইসিসি।
এ সিদ্ধান্তের পাশাপাশি আরও একটি বিতর্কিত পদক্ষেপ নিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। বিশ্বকাপ কাভার করার জন্য ভারত ও শ্রীলঙ্কা সফরে যেতে বাংলাদেশ থেকে যেসব সাংবাদিক আইসিসির অ্যাক্রিডিটেশনের জন্য আবেদন করেছিলেন, তাদের সকল আবেদন বাতিল করা হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় ই-মেইলের মাধ্যমে বাংলাদেশি সাংবাদিকদের কাছে আবেদন প্রত্যাখ্যানের বিষয়টি জানিয়ে দেয় আইসিসি।
এ বিষয়ে ১৩টি আইসিসি ইভেন্ট কাভার করা সিনিয়র ক্রীড়া সাংবাদিক সেকান্দার আলী বলেন,
“বাংলাদেশ বিশ্বকাপ বয়কট করায় বাংলাদেশের সাংবাদিকদেরও আইসিসি বয়কট করেছে! এমন ঘটনা সচরাচর ঘটে না। বাংলাদেশ যখন বিশ্বকাপ খেলেনি, তখনো বাংলাদেশের সাংবাদিকরা বিশ্বকাপ কাভার করেছেন। এতে বোঝা যায় বাংলাদেশের ওপর তারা কতটা ক্ষুব্ধ। পুরো বিষয়টি অত্যন্ত হতাশাজনক।”
এ ঘটনায় আন্তর্জাতিক অঙ্গন থেকেও প্রতিক্রিয়া এসেছে। পাকিস্তানি ক্রীড়া সাংবাদিক শাকির আব্বাসি তার এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে লেখেন,
“টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশি ক্রিকেট সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন দিতে আইসিসির অস্বীকৃতি অন্যায়। অন্তত শ্রীলঙ্কায় ম্যাচ কাভার করার অনুমতি দেওয়া উচিত ছিল।”
আইসিসির এই সিদ্ধান্তকে ক্রীড়া সাংবাদিকদের পেশাগত অধিকারের পরিপন্থী বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এ নিয়ে দেশি-বিদেশি সাংবাদিক মহলে ক্ষোভ ও উদ্বেগ ক্রমেই বাড়ছে।










