স্বাক্ষর ও ঘোষণাপত্র ছাড়া পোস্টাল ব্যালট বাতিল, সাতটি নতুন নির্দেশনা ইসির
- আপডেট সময় : ০৭:৫৮:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
- / ১৭০ বার পড়া হয়েছে

ঢাকা:
ঘোষণাপত্র বা ভোটারের স্বাক্ষর ছাড়া পাঠানো পোস্টাল ব্যালট গণনায় অন্তর্ভুক্ত করা যাবে না। পাশাপাশি আরও সাতটি কারণে পোস্টাল ব্যালট বাতিলের নতুন নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন এ সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়ে দেশের সব রিটার্নিং কর্মকর্তার কাছে নির্দেশনামূলক একটি চিঠি পাঠিয়েছেন।
চিঠিতে বলা হয়েছে, বৈধ পোস্টাল ব্যালট পেপার জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রে প্রার্থীভিত্তিক এবং গণভোটের ক্ষেত্রে ‘হ্যাঁ’ ও ‘না’—এই দুই ভিত্তিতে পৃথকভাবে গণনা করতে হবে।
নির্দেশনা অনুযায়ী, নিম্নোক্ত ক্ষেত্রে কোনো পোস্টাল ব্যালট গণনায় অন্তর্ভুক্ত করা যাবে না—
১) খামের ভেতরে ঘোষণাপত্র না থাকলে,
২) ঘোষণাপত্রে ভোটারের স্বাক্ষর না থাকলে,
৩) একাধিক প্রতীকে টিক বা ক্রস চিহ্ন দিলে,
৪) কোনো প্রতীকেই টিক বা ক্রস না দিলে,
৫) এমনভাবে চিহ্ন দেওয়া হলে যাতে ভোট কোন প্রার্থী বা প্রতীকের পক্ষে তা নিশ্চিত হওয়া না যায়,
৬) OCV (প্রবাসী) ভোটে সংশ্লিষ্ট আসনের প্রার্থীর প্রতীক ছাড়া অন্য প্রতীকে চিহ্ন দিলে,
৭) টিক বা ক্রস ছাড়া অন্য কোনো চিহ্ন ব্যবহার করলে।
নির্দেশনায় আরও বলা হয়, গণনার সময় বৈধ কারণেই বাতিল বা অবৈধ ঘোষিত সংসদ নির্বাচন ও গণভোটের ব্যালট পেপার নির্ধারিত খামে সংরক্ষণ করতে হবে এবং খামের ওপর ব্যালটের সংখ্যা উল্লেখ করতে হবে। পাশাপাশি মোট বাতিল ব্যালটের সংখ্যা ফলাফল বিবরণীতে অন্তর্ভুক্ত করতে হবে।
এছাড়া কোনো আসনের পোস্টাল ব্যালট ভোটগ্রহণের দিনসহ আগের চার দিনের মধ্যে (মোট পাঁচ দিন) সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছাতে ব্যর্থ হলে তা গণনায় নেওয়া যাবে না।
নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, আদালতের আদেশে যদি কোনো আসনের প্রার্থীতালিকায় পরিবর্তন আসে, সে ক্ষেত্রে ওই আসনের পোস্টাল ব্যালট গণনার প্রয়োজন হবে না।
এদিকে QR কোড ডুপ্লিকেট হওয়া অথবা ভোটার পোস্টাল ব্যালট পাওয়ার পর খামের QR কোড স্ক্যান না করার কারণে বাতিল হওয়া ব্যালটগুলো আলাদাভাবে সংরক্ষণ করতে হবে এবং সেগুলোর হিসাব প্রকাশ করতে হবে।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশে ও বিদেশে দায়িত্বে থাকা সরকারি কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, কয়েদি ও প্রবাসী মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন।










