নতুন পে স্কেল বাস্তবায়ন করবে না অন্তর্বর্তী সরকার, কেবল পর্যালোচনায় কমিটি
- আপডেট সময় : ০৯:২২:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
- / ২০০ বার পড়া হয়েছে

ঢাকা:
প্রায় এক দশক পর সরকারি চাকরিজীবীদের বেতন ১০০ থেকে ১৪৭ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করলেও নতুন পে স্কেল বাস্তবায়ন করবে না অন্তর্বর্তী সরকার। জাতীয় বেতন কমিশনের সুপারিশ কেবল পরীক্ষা-নিরীক্ষার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে সরকার।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
তিনি বলেন, পে স্কেল নিয়ে একটি বিভ্রান্তি তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীদের পক্ষ থেকে বেতন কমিশনের দাবি ছিল। অন্তর্বর্তী সরকার সেই কমিশনের প্রতিবেদন গ্রহণ করেছে, কিন্তু তা বাস্তবায়নের কোনো সিদ্ধান্ত নেয়নি। সরকার এ বিষয়ে আর কোনো পদক্ষেপ নিতে চায় না। শুধুমাত্র কমিশনের সুপারিশগুলো যাচাই-বাছাইয়ের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।
পে কমিশনের প্রতিবেদনের কারণে নিত্যপণ্যের দামে প্রভাব পড়বে—এমন আশঙ্কারও কোনো ভিত্তি নেই বলে মন্তব্য করেন তিনি। উপদেষ্টা বলেন, “অন্তর্বর্তী সরকার নতুন পে স্কেল বাস্তবায়ন করছে না—এ বিষয়টি পরিষ্কার। কমিশন গঠনের সময় বিভিন্ন বিক্ষোভ হয়েছিল। নতুন সরকার যাতে দায়িত্ব নেওয়ার পর কোনো অচলাবস্থার মুখে না পড়ে, সে বিষয়টি বিবেচনায় রেখেই এই অবস্থান নেওয়া হয়েছে।”
এ সময় তিনি আরও দাবি করেন, মন্ত্রীদের জন্য ৯ হাজার বর্গফুটের ফ্ল্যাট নির্মাণ সংক্রান্ত কোনো প্রস্তাব সরকারি ক্রয় কমিটির সভায় উপস্থাপিত হয়নি।










