বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ সুপারিশের ফল প্রকাশ
- আপডেট সময় : ০৮:১০:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
- / ১৭৪ বার পড়া হয়েছে

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ: সপ্তম নিয়োগ সুপারিশের ফল প্রকাশ
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এমপিওভুক্ত শূন্যপদে প্রথম প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের সপ্তম বিশেষ নিয়োগ সুপারিশের ফলাফল প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।
বুধবার (২৮ জানুয়ারি) এনটিআরসিএ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে। আজ সকালে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে এ সুপারিশের ফল প্রকাশ করা হয়।
এনটিআরসিএ জানায়, ৭ম বিশেষ নিয়োগের মাধ্যমে মোট ১১ হাজার ৭১৩ জন প্রার্থীকে শিক্ষক নিয়োগের সুপারিশ করা হয়েছে। গত ৪ জানুয়ারি প্রকাশিত সপ্তম নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি (বিশেষ)-এর আওতায় নিবন্ধনধারী প্রার্থীদের আবেদনের ভিত্তিতে মেধাক্রম, পছন্দক্রম এবং শিক্ষাপ্রতিষ্ঠানের চাহিদা বিবেচনায় নিয়ে এ সুপারিশ প্রদান করা হয়।
সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের ফলাফল এনটিআরসিএর ওয়েবসাইট **www.ntrca.gov.bd**-এর ‘সপ্তম নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি (বিশেষ)-২০২৬’ সেবা বক্স এবং http://ngi.teletalk.com.bd লিংকের মাধ্যমে জানা যাবে।
নির্বাচিত প্রার্থীরা তাদের স্ব স্ব ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করে ফলাফল দেখতে পারবেন। একইভাবে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণও তাদের ইউজার আইডি ও পাসওয়ার্ডের মাধ্যমে প্রতিষ্ঠানে নির্বাচিত প্রার্থীদের তথ্য দেখতে পারবেন।










