যুক্তরাষ্ট্র কোনো পক্ষে নয়, ফল নির্ধারণ করবে জনগণ-মার্কিন রাষ্ট্রদূত
- আপডেট সময় : ০৮:২৪:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
- / ১৩৭ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্র কোনো পক্ষে নয়, ফল নির্ধারণ করবে জনগণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো রাজনৈতিক দলের পক্ষে অবস্থান নেবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। তিনি বলেন, ভোটের ফল এই দেশের জনগণই নির্ধারণ করবে।
বুধবার (২৮ জানুয়ারি) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত।
ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, নির্বাচনে যে দল বা জোটই বিজয়ী হোক না কেন, যুক্তরাষ্ট্র তাদের সঙ্গেই কাজ করবে। গণতান্ত্রিক প্রক্রিয়া ও জনগণের মতামতের প্রতিই যুক্তরাষ্ট্রের সমর্থন রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল বুধবার সকাল ১১টা ৫০ মিনিটে প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে বৈঠকে অংশ নেয়। বৈঠকে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদও উপস্থিত ছিলেন।
মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলে ব্রেন্ট ক্রিস্টেনসেন ছাড়াও রাজনৈতিক কর্মকর্তা ডেভিড মু ও ফিরোজ আহমেদ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১২ জানুয়ারি বাংলাদেশে আসেন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। তিনি বর্তমানে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ১৯তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন।










