চাচাকে বাবা সাজিয়ে কোটায় বিসিএস ক্যাডার হওয়া সিনিয়র সহকারী সচিব কারাগারে
- আপডেট সময় : ০১:০৬:১৩ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
- / ১৩১ বার পড়া হয়েছে

চাচাকে বাবা সাজিয়ে কোটায় বিসিএস ক্যাডার হওয়া সিনিয়র সহকারী সচিব কারাগারে
চাচাকে বাবা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় বিসিএস ক্যাডার হওয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব) মো. কামাল হোসেনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বুধবার (২৮ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ তার জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
দুদকের প্রসিকিউটর জানান, কামাল হোসেন গত বছরের ১৫ ডিসেম্বর উচ্চ আদালত থেকে চার সপ্তাহের আগাম জামিন নেন। পরে ২৩ ডিসেম্বর ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। ওইদিন আদালত তদন্তকারী কর্মকর্তাকে সহযোগিতা ও ডিএনএ পরীক্ষা সম্পন্ন করার শর্তে তার জামিন মঞ্জুর করেন এবং ডিএনএ প্রতিবেদন দাখিল সাপেক্ষে পরবর্তী শুনানির দিন ধার্য করেন।
তবে আসামি দুই দফায় আদালতের দেওয়া শর্ত পালন না করায় তার জামিন বাতিলের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার অভিযোগে বলা হয়, মো. কামাল হোসেনের প্রকৃত পিতা মো. আবুল কাশেম ও মাতা মোছা. হাবীয়া খাতুন। কিন্তু মুক্তিযোদ্ধা কোটার সুযোগ-সুবিধা ভোগের উদ্দেশ্যে তিনি নিজের চাচা মুক্তিযোদ্ধা মো. আহসান হাবীব ও চাচি মোছা. সানোয়ারা খাতুনকে পিতা-মাতা হিসেবে পরিচয় দেন।
এই জালিয়াতির মাধ্যমে তিনি ৩৫তম বিসিএস পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটায় প্রশাসন ক্যাডারে নিয়োগ পান। পরবর্তীতে দুদকের অনুসন্ধানে বিষয়টি উদ্ঘাটিত হলে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।










