উত্তরাঞ্চলে কৃষিনির্ভর শিল্প গড়ে তোলার পরিকল্পনা বিএনপির: তারেক রহমান
- আপডেট সময় : ০৩:৫২:২৪ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
- / ১৪০ বার পড়া হয়েছে

উত্তরাঞ্চলে কৃষিনির্ভর শিল্প গড়ে তোলার পরিকল্পনা বিএনপির: তারেক রহমান
সিরাজগঞ্জ ও পাবনাসহ সমগ্র উত্তরাঞ্চলে কৃষিনির্ভর শিল্প গড়ে তুলতে চায় বিএনপি—এমন মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে তিনি ওই অঞ্চলের তাঁত শিল্পের উন্নয়ন এবং তরুণ প্রজন্মকে দক্ষ জনশক্তিতে রূপান্তরের ওপর গুরুত্বারোপ করেন।
শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কে আয়োজিত বিএনপির নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, বিএনপি শান্তিতে বিশ্বাস করে। ধর্ম নয়, মানুষই আমাদের কাছে মুখ্য। সকল ধর্ম ও বর্ণের মানুষকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ সহাবস্থানের বাংলাদেশ গড়তে চায় বিএনপি। জনগণের কাছে জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠা করা গেলে দেশের প্রকৃত সমস্যার সমাধান সম্ভব হবে বলেও তিনি উল্লেখ করেন।
সিরাজগঞ্জ ও পাবনা অঞ্চলের উন্নয়নের বিপুল সম্ভাবনার কথা তুলে ধরে বিএনপি চেয়ারম্যান বলেন, এ এলাকায় যেমন কৃষি রয়েছে, তেমনি ছোট-বড় শিল্পকারখানারও সুযোগ আছে। কৃষিকে এগিয়ে নেওয়ার পাশাপাশি লাখ লাখ তরুণ যুবকের কর্মসংস্থান নিশ্চিত করতে হবে। এজন্য নতুন নতুন শিল্প পার্ক স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। ঠাকুরগাঁও থেকে সিরাজগঞ্জ পর্যন্ত পুরো উত্তরাঞ্চলে কৃষিনির্ভর শিল্প গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি।
তিনি বলেন, এই অঞ্চলের ঐতিহ্যবাহী তাঁত শিল্পকে আধুনিকায়ন ও সমৃদ্ধ করা গেলে আন্তর্জাতিক বাজারে তাঁত পণ্য ছড়িয়ে দেওয়া সম্ভব। পাশাপাশি নারী শিক্ষার ওপর গুরুত্ব দিয়ে তারেক রহমান বলেন, ধানের শীষের সরকার নারীদের স্বাবলম্বী করতে চায়। এজন্য দেশের প্রতিটি মায়ের কাছে ‘ফ্যামিলি কার্ড’ পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
তরুণ প্রজন্মকে দক্ষ করে গড়ে তোলার বিষয়ে তিনি বলেন, অনেক তরুণ বিদেশে গেলেও দক্ষতার অভাবে কাঙ্ক্ষিত সুযোগ পায় না। তাই প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করা হবে। এছাড়া খেলাধুলায় প্রতিভাবান তরুণদের নিয়েও পরিকল্পিতভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন বিএনপি চেয়ারম্যান।










