ইরানের বন্দর আব্বাসে ভবনে বিস্ফো-রণ, দুই তলা ধ্বংস
- আপডেট সময় : ০৪:৫৯:৫২ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
- / ১১৫ বার পড়া হয়েছে

ইরানের বন্দর আব্বাসে ভবনে বিস্ফো-রণ, দুই তলা ধ্বংস
ইরানের দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় শহর বন্দর আব্বাসে একটি বহুতল ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিকভাবে এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
শনিবার ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের খবরে জানানো হয়, বন্দর আব্বাসের মোয়াল্লেম বুলেভার্ড এলাকায় অবস্থিত আটতলা একটি ভবনে এ বিস্ফোরণ ঘটে। এতে ভবনটির অন্তত দুটি তলা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। পাশাপাশি আশপাশের কয়েকটি যানবাহন ও দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, বিস্ফোরণের পরপরই ইরানের উদ্ধারকারী দল ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তারা ধ্বংসস্তূপে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। তবে বিস্ফোরণের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক তথ্য জানানো হয়নি।
এদিকে দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনীর এক কমান্ডারকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন দাবি সম্পূর্ণ মিথ্যা।
উল্লেখ্য, সাম্প্রতিক সরকারবিরোধী বিক্ষোভ দমনে কঠোর পদক্ষেপ নেওয়ার অভিযোগে ইরানের ক্ষমতাসীন শাসকগোষ্ঠীর বিরুদ্ধে সামরিক অভিযানের হুমকি দিয়ে আসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সময়ে ইরানের আশপাশে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতিও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর মধ্যেই বন্দর আব্বাসে এ বিস্ফোরণের ঘটনা ঘটায় বিষয়টি ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে।










