কেন্দ্রীয় শহীদ মিনারে সরকারি কর্মচারীদের শান্তিপূর্ণ সমাবেশে পুলিশের হা*মলা: তীব্র নিন্দা ও প্রতিবাদ
- আপডেট সময় : ০৭:০৮:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৪২ বার পড়া হয়েছে
কেন্দ্রীয় শহীদ মিনারে সরকারি কর্মচারীদের শান্তিপূর্ণ সমাবেশে পুলিশের হা*মলা: তীব্র নিন্দা ও প্রতিবাদ

ঢাকা, ৬ ফেব্রুয়ারি ২০২৬:
কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের এক শান্তিপূর্ণ সমাবেশে পুলিশের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সংগঠনের সদস্য সচিব মোঃ মাহমুদ হাসান এবং মুখ্য সমন্বয়ক মোঃ ওয়ারেছ আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে শান্তিপূর্ণভাবে অগ্রসর হওয়ার সময় বিনা উসকানিতে পুলিশ অতর্কিত লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে শতাধিক সরকারি কর্মচারী আহত হন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, হামলায় অনেক কর্মচারীর মাথা ফেটে গেছে এবং কয়েকজন গুরুতর আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই নৃশংস ও অমানবিক ঘটনায় সরকারি কর্মচারীদের মধ্যে চরম ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
নেতৃবৃন্দ বলেন, শান্তিপূর্ণ আন্দোলনরত কর্মচারীদের ওপর এ ধরনের দমন-পীড়ন গণতান্ত্রিক চর্চার পরিপন্থী। তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং আহতদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
বিবৃতিতে আরও বলা হয়, দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা তাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে আসছেন। এরই ধারাবাহিকতায় গত ৩১ জানুয়ারি ২০২৬ থেকে ঘোষিত পে-স্কেল দ্রুত বাস্তবায়নের জন্য সরকারকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
সংগঠনের পক্ষ থেকে বলা হয়, পুলিশের এ ধরনের আচরণ কর্মচারীদের মধ্যে যে ক্ষোভ সৃষ্টি করেছে, তা নিরসনে দ্রুত পে-স্কেল গেজেট প্রকাশ ও বাস্তবায়ন জরুরি। অন্যথায় আন্দোলন আরও জোরদার করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।
বিবৃতির শেষাংশে দেশের সকল সরকারি কর্মচারী ভাই-বোনদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলা হয়, কর্মচারীদের ওপর জনগণের যে আস্থা রয়েছে, তা সমুন্নত রাখতে তারা শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক আন্দোলনের পথেই অটল থাকবেন।









