একক সরকার গঠনের আত্মবিশ্বাসে জাতীয় সরকার গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান:
- আপডেট সময় : ০৬:১৫:২২ পূর্বাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
- / ১১৮ বার পড়া হয়েছে

বাংলাদেশের প্রধানমন্ত্রী পদের শীর্ষ প্রতিদ্বন্দ্বী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জাতীয় সরকার গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের দেওয়া এই প্রস্তাব নাকচ করে তিনি বলেছেন, তার দল এককভাবেই সরকার গঠনে সক্ষম এবং আত্মবিশ্বাসী।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তারেক রহমান। তিনি বলেন, ‘আমি কীভাবে আমার রাজনৈতিক প্রতিপক্ষদের সঙ্গে সরকার গঠন করব? তাহলে বিরোধী দলে কে থাকবে?’ তিনি আরও জানান, জামায়াত যদি বিরোধী দলে থাকে, তাহলে তিনি আশা করেন তারা একটি গঠনমূলক বিরোধী দল হিসেবে ভূমিকা রাখবে।
৬০ বছর বয়সী তারেক রহমান দীর্ঘদিনের রাজনৈতিক নির্বাসন শেষে গত ডিসেম্বরে দেশে ফেরেন। প্রায় দুই দশক তিনি লন্ডনে অবস্থান করেন। ২০২৪ সালে ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন এবং দেশটি বর্তমানে একটি অন্তর্বর্তী সরকারের অধীনে পরিচালিত হচ্ছে।
আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছে জামায়াতে ইসলামী। একসময় নিষিদ্ধ থাকা দলটি সাম্প্রতিক সময়ে আবার সক্রিয় রাজনীতিতে ফিরে এসেছে। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি ও জামায়াত জোট সরকার পরিচালনা করলেও এবারের নির্বাচনে এককভাবে সরকার গঠনের বিষয়ে দৃঢ় অবস্থান নিয়েছে বিএনপি।
বিএনপির সিনিয়র নেতারা জানিয়েছেন, ৩০০ আসনের সংসদে বিএনপি দুই-তৃতীয়াংশের বেশি আসন পাবে বলে তারা আশাবাদী। বিএনপি সরাসরি ২৯২টি আসনে প্রার্থী দিয়েছে এবং বাকি আসনগুলোতে মিত্র দলগুলো প্রতিদ্বন্দ্বিতা করছে।
পররাষ্ট্রনীতি প্রসঙ্গে তারেক রহমান বলেন, বাংলাদেশের স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষা করে যে দেশ অর্থনৈতিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারবে, তাদের সঙ্গেই সম্পর্ক জোরদার করা হবে। তিনি বলেন, ‘কোনো নির্দিষ্ট দেশের দিকে ঝুঁকে না থেকে আমরা জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেব।’
রোহিঙ্গা সংকট প্রসঙ্গে তিনি জানান, নিরাপদ পরিবেশ নিশ্চিত হলেই রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনের উদ্যোগ নেওয়া হবে। তবে নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত মানবিক কারণে তাদের বাংলাদেশে অবস্থানের সুযোগ দেওয়া হবে।
শেখ হাসিনার সন্তানদের রাজনীতিতে ফেরার বিষয়ে তারেক রহমান বলেন, জনগণের কাছে গ্রহণযোগ্য হলে যে কেউ রাজনীতি করতে পারে—এটাই গণতন্ত্রের সৌন্দর্য।










