এবারের নির্বাচন হবে মানুষের পাশে থাকা নেতাদের বেছে নেওয়ার ভোট।
- আপডেট সময় : ০৮:২৬:১৭ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৫৩ বার পড়া হয়েছে

ঢাকা প্রতিনিধি:
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, শুধু ভোট দিলেই চলবে না—ভোট দেওয়ার আগে বুঝতে হবে কারা সত্যিকার অর্থে মানুষের পাশে থাকে। এবারের নির্বাচন হবে মানুষের পাশে থাকা নেতাদের বেছে নেওয়ার ভোট।
রোববার রাতে রাজধানীর বাড্ডার সাঁতারকুলের সানভ্যালি মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, ‘১২ তারিখের নির্বাচনে শুধু ভোট দিলেই হবে না। সঠিকভাবে নির্বাচন করতে হবে কারা এলাকার মানুষের পাশে থাকে, কারা দেশের মানুষের পাশে বিপদের সময় দাঁড়ায়। এবারের ভোট হবে—কারা মানুষের পাশে থাকে, সেটি দেখার ভোট।’
গত তিনটি জাতীয় নির্বাচনে ভোট নিয়ে নাটক হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘মানুষ প্রকৃত অর্থে ভোট দিতে পারেনি। তবে এবার দেশের মানুষ ভোট দেবে। এজন্য সবাই ঐক্যবদ্ধ হয়েছে।’
বিগত আওয়ামী সরকারের উন্নয়ন দর্শনের সমালোচনা করে বিএনপির চেয়ারম্যান বলেন, ‘গত ১৬ বছরে মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি হয়েছে। এতে হাতেগোনা কিছু মানুষের উন্নয়ন হয়েছে, কিন্তু সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি।’
ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ‘শুধু ভোট দিলেই হবে না, সঠিক মানুষকে ভোট দিতে হবে। কারা মানুষের পাশে থাকে এবং কাদের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে, তা বিবেচনা করতে হবে। এই মুহূর্তে দেশ পরিচালনার অভিজ্ঞতা ও সুস্পষ্ট পরিকল্পনা শুধু বিএনপিরই রয়েছে।’
দেশের অর্থনৈতিক সংকট ও বেকারত্ব প্রসঙ্গে তারেক রহমান বলেন, ‘উন্নয়নের নামে বিপুল অর্থ বিদেশে পাচার করা হয়েছে। এর ফলেই তরুণ সমাজের একটি বড় অংশ আজ বেকার। বিএনপি ক্ষমতায় গেলে কর্মসংস্থান সৃষ্টি করে এই সংকটের সমাধান করা হবে।’
তিনি আরও বলেন, ‘জনগণের দোরগোড়ায় উন্নয়নের সুফল পৌঁছাতে হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির আমূল উন্নয়ন জরুরি। সরকার গঠনের প্রথম দিন থেকেই মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করা হবে।’
বাড্ডা ও সাঁতারকুল এলাকার স্থানীয় সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে তিনি বলেন, অতীতে বিএনপি যতবার ক্ষমতায় এসেছে, দেশের মানুষের কল্যাণে কাজ করেছে। আগামী ১২ ফেব্রুয়ারি দেশ ও মানুষের স্বার্থে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য সবার প্রতি উদাত্ত আহ্বান জানান তিনি।










