ধাপেরহাটে বিএনপির বিশাল নির্বাচনী মিছিল ও সমাবেশ
- আপডেট সময় : ০১:০৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৪৪ বার পড়া হয়েছে

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাটে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এক বিশাল নির্বাচনী মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে আয়োজিত এ নির্বাচনী মিছিলটি ধাপেরহাট এলাকার জাতীয় মহাসড়ক ও বিভিন্ন গ্রামীণ সড়ক প্রদক্ষিণ করে ধাপেরহাট আন্ডারপাস এলাকায় গিয়ে শেষ হয়। মিছিলজুড়ে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
মিছিলের নেতৃত্ব দেন ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা ওলামা দলের সদস্য সচিব কাজী আমজাদ হোসেন।
মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি সারাদিন ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করতে হবে। সাধারণ ভোটারদের ভয়ভীতি দেখিয়ে আতঙ্ক সৃষ্টি করে যারা ফায়দা হাসিলের চেষ্টা করছে, তাদের অপচেষ্টা শক্তভাবে প্রতিহত করা হবে।”
তারা আরও বলেন, “ভোটের দিন সকাল থেকে সাধারণ ভোটাররা যেন নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেই পরিবেশ তৈরি করাই আমাদের দায়িত্ব। ভোট গণনা শেষে বিজয় নিশ্চিত করেই আমরা ঘরে ফিরবো।”
বক্তারা সতর্ক করে বলেন, প্রতিপক্ষ পরিকল্পিতভাবে ‘ধর ওকে ধর’ বলে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করতে পারে। এ বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে তারা বলেন, “আমরা কোনো উসকানিতে পা দেবো না, শান্তিপূর্ণভাবেই বিজয়ের পথে এগিয়ে যাবো।”
সমাবেশে বক্তারা দলমত নির্বিশেষে সাদুল্লাপুর উপজেলার সার্বিক উন্নয়নের স্বার্থে বিএনপি মনোনীত ক্লিন ইমেজের প্রার্থী, সাদুল্লাপুরের কৃতি সন্তান অধ্যাপক ডা. ময়নুল হাসান সাদিককে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।
নেতাকর্মীরা বলেন, জনগণের ভালোবাসা ও ভোটেই ধানের শীষের বিজয় নিশ্চিত হবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের এই লড়াইয়ে সবাই ঐক্যবদ্ধ থাকবে।










