জাতিকে দেওয়া ওয়াদা পূরণ করতে পেরেছি: সিইসি নাসির উদ্দিন
- আপডেট সময় : ০৬:৪৬:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
- / ১২৫ বার পড়া হয়েছে

ডেক্স রিপোর্ট :
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, জাতিকে যে ওয়াদা দেওয়া হয়েছিল, তা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে নির্বাচন কমিশন সর্বোচ্চ চেষ্টা করেছে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে নির্বাচন কমিশনের ফলাফল ঘোষণা অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিইসি বলেন, “আমরা সবাই মিলে দীর্ঘদিনের প্রত্যাশিত একটি সুন্দর নির্বাচন জাতিকে উপহার দিতে পেরেছি। এজন্য পরম করুণাময়ের দরবারে শুকরিয়া আদায় করছি। আমাদের যে চেষ্টা ও কষ্ট, তা সার্থক হয়েছে বলে মনে করি।”
তিনি আরও বলেন, “সকাল থেকে বিভিন্ন গণমাধ্যমে নির্বাচন নিয়ে যে প্রতিক্রিয়া দেখেছি, তাতে মনে হয়েছে—দেশের নির্বাচনী ইতিহাসের যেকোনো মানদণ্ডে এটিকে একটি ভালো নির্বাচন হিসেবে বিবেচনা করা যায়। আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম উৎসবমুখর পরিবেশে একটি নিরপেক্ষ, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দেব, এবং আমরা বিশ্বাস করি, সেটি আমরা করতে পেরেছি।”
নির্বাচনের ব্যাপক পরিসরের কথা উল্লেখ করে সিইসি বলেন, “এটি ১৮ কোটি মানুষের দেশ, ১২ কোটি ৭০ লাখের বেশি ভোটারের দেশ। গণভোটসহ প্রায় ২৫ কোটি ব্যালট ছাপানো ও বিতরণ করা হয়েছে। আপনাদের সহযোগিতা ছাড়া এই বিশাল কর্মযজ্ঞ সফল করা সম্ভব হতো না।”
এ সময় তিনি দেশবাসী, গণমাধ্যম, রাজনৈতিক দল ও নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
সিইসি আরও বলেন, “আমি বলবো না এটি শতভাগ নিখুঁত নির্বাচন। কোনো নির্বাচনই পুরোপুরি পারফেক্ট হয় না। তবে যেকোনো মানদণ্ডে এটি একটি অত্যন্ত ভালো, গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য নির্বাচন হিসেবে বিবেচিত হবে বলে আমরা আশা করি।”










