নতুন মন্ত্রিপরিষদের শপথ ১৮ ফেব্রুয়ারির মধ্যে: মন্ত্রিপরিষদ সচিব
- আপডেট সময় : ১০:৩৫:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
- / ১০৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
নতুন মন্ত্রিপরিষদ সদস্যদের শপথ আগামী ১৮ ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশিদ। তিনি বলেন, শপথ অনুষ্ঠানের জন্য সচিবালয়ের সার্বিক প্রস্তুতি সম্পন্ন রয়েছে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
মন্ত্রিপরিষদ সচিব জানান, নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট নোটিফিকেশন ইতোমধ্যে প্রকাশিত হয়েছে। সংসদের ২৯৭টি আসনে যারা নির্বাচিত হয়েছেন, তাঁদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। সংবিধান ও আইন অনুযায়ী, নির্বাচনের ফল গেজেট প্রকাশের পর তিন কার্যদিবসের মধ্যে সংসদ সদস্যদের শপথ গ্রহণ করতে হয়। সে অনুযায়ী, আগামীকাল থেকে কার্যদিবস গণনা শুরু হলে ১৭ ফেব্রুয়ারির মধ্যেই এমপিদের শপথ সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।
স্পিকার না থাকায় কে শপথ পড়াবেন—এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, স্পিকার মনোনয়ন না দিতে পারলে সরকার থেকে কাউকে মনোনীত করা হতে পারে। সে ক্ষেত্রে প্রধান বিচারপতি অথবা প্রধান নির্বাচন কমিশনার শপথ পাঠ করাতে পারেন কিংবা শপথ অনুষ্ঠান পরিচালনা করতে পারেন।
শপথ অনুষ্ঠানের অতিথি প্রসঙ্গে তিনি আরও বলেন, নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গসহ আনুমানিক এক হাজার অতিথি উপস্থিত থাকবেন।










