গাইবান্ধা-৫ আসনের ভোট পুনর্গণনা ও গেজেট বাতিলের আবেদন বিএনপি প্রার্থীর।
- আপডেট সময় : ০৩:১৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
- / ১১৬ বার পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৫ (সাঘাটা–ফুলছড়ি) আসনের ভোট পুনর্গণনা ও ঘোষিত গেজেট বাতিলের দাবিতে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছেন বিএনপি মনোনীত প্রার্থী মো. ফারুক আলম সরকার।
লিখিত আবেদনে তিনি উল্লেখ করেন, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনকালে অনিয়মের চিত্র তার নজরে আসে। সাঘাটা উপজেলার জুমারবাড়ী ইউনিয়নের জুমারবাড়ী উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনের সময় ফলাফল শিটে ভোট গণনার আগেই স্বাক্ষর নেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন, যা নির্বাচন বিধিমালার পরিপন্থী। একই ধরনের ঘটনা ভরতখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রেও ঘটেছে বলেও তিনি দাবি করেন।
আবেদনে আরও বলা হয়, প্রিজাইডিং কর্মকর্তার স্বাক্ষর ছাড়াই ফলাফল শিট প্রকাশ করা হয়েছে এবং পরবর্তীতে তা পরিবর্তনের মাধ্যমে একটি নির্দিষ্ট প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার চেষ্টা করা হয়েছে। বিষয়টি তিনি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেন এবং ভিডিও ফুটেজসহ প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করেছেন বলে জানান।
বিএনপি প্রার্থীর অভিযোগ, প্রশাসনের কিছু কর্মকর্তা ও প্রিজাইডিং অফিসার পরিকল্পিতভাবে নির্বাচনের ফলাফল প্রভাবিত করেছেন, যা “নির্বাচনী ইঞ্জিনিয়ারিংয়ের” শামিল।
এ পরিস্থিতিতে তিনি গাইবান্ধা-৫ আসনের সকল ভোটকেন্দ্রের ভোট পুনর্গণনা এবং প্রকাশিত গেজেট বাতিল করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ফলাফল ঘোষণা করার জন্য রিটার্নিং কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।










