প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর জাতির উদ্দেশে তারেক রহমানের ভাষণ
- আপডেট সময় : ০৫:৫০:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৫১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর জাতির উদ্দেশে প্রথম ভাষণে ঐক্য, গণতন্ত্র, ন্যায়বিচার, দুর্নীতি দমন, আইনশৃঙ্খলা উন্নয়ন ও অর্থনৈতিক পুনরুদ্ধারের অঙ্গীকার ব্যক্ত করেছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান।
বিসমিল্লাহির রাহমানির রাহিম বলে ভাষণ শুরু করে তিনি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন এবং হাজারো শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ও জনগণের ভোটে প্রতিষ্ঠিত নতুন সরকারের সূচনাকে ঐতিহাসিক বলে উল্লেখ করেন।
তিনি বলেন,
“মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান—দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে পাহাড় ও সমতলের সব নাগরিকের জন্য এই দেশ। প্রতিটি মানুষের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করাই বিএনপি সরকারের প্রধান লক্ষ্য।”
আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমন সরকারের অগ্রাধিকার
প্রধানমন্ত্রী বলেন,
ফ্যাসিবাদের সময়ের দুর্নীতি, দুঃশাসন ও অর্থনৈতিক বিপর্যয়ের মধ্য দিয়ে নতুন সরকার দায়িত্ব নিয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও কঠোরভাবে দুর্নীতি দমন করাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।
তিনি জুয়া ও মাদককে সমাজের জন্য ভয়াবহ হুমকি উল্লেখ করে বলেন, এসব অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
রমজানে দ্রব্যমূল্য ও সেবা নিশ্চিতের নির্দেশ
পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান, রমজানের পবিত্রতা রক্ষা করে ন্যায্যমূল্যে পণ্য বিক্রির মাধ্যমে জনগণের পাশে দাঁড়াতে।
তিনি জানান, রমজানে গ্যাস, বিদ্যুৎ ও পানির নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে।
সরকারি সুবিধা পরিহারের দৃষ্টান্ত
তারেক রহমান বলেন,
“বিএনপির সংসদীয় দলের প্রথম সভাতেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে—কোনো এমপি ট্যাক্স ফ্রি গাড়ি ও সরকারি প্লট গ্রহণ করবেন না। আমরা ন্যায়পরায়ণতা ও কৃচ্ছসাধনের দৃষ্টান্ত স্থাপন করতে চাই।”
যোগাযোগ ব্যবস্থা ও যানজট নিরসনে বড় পরিকল্পনা
তিনি বলেন, রাজধানী ঢাকাসহ বড় শহরগুলোর যানজট নিরসনে সারাদেশে রেল যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন করা হবে। এর মাধ্যমে মানুষের শহরমুখী নির্ভরতা কমিয়ে গ্রাম ও জেলা পর্যায়ে উন্নয়ন নিশ্চিত করা হবে।
তরুণদের দক্ষ মানবসম্পদে রূপান্তরের অঙ্গীকার
তরুণ সমাজের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন,
“তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে নিজেদের দক্ষ করে গড়ে তুলতে হবে। সরকার তরুণদের শিক্ষা, প্রশিক্ষণ ও কর্মসংস্থানে সর্বাত্মক সহায়তা দেবে।”
জাতীয় ঐক্য ও সমান অধিকারের বার্তা
তিনি বলেন,
“এই সরকার শুধু বিএনপির নয়—এটি জনগণের সরকার। যারা ভোট দিয়েছেন কিংবা দেননি—সবার অধিকার সমান।”
ভাষণের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে প্রধানমন্ত্রী বলেন,
“আল্লাহ আমাদের সবাইকে নিরাপদ ও সুস্থ রাখুন। পবিত্র রমজানের বরকতে দেশকে শান্তি, সমৃদ্ধি ও গণতন্ত্রের পথে এগিয়ে নেওয়ার তৌফিক দিন।”
আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।










