বিদেশ ফেরত যাত্রীর লাগেজে এয়ারগান ও বিপুল শুল্কযোগ্য পণ্য উদ্ধার
- আপডেট সময় : ০৪:১৪:৫৬ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
- / ১০৭ বার পড়া হয়েছে

দুবাই থেকে দেশে ফেরার পথে এক যাত্রীর লাগেজ থেকে অত্যাধুনিক গ্যাসচালিত এয়ারগানসহ বিপুল পরিমাণ শুল্কযোগ্য পণ্য উদ্ধার করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। এ ঘটনায় নূর হোসেন নামের এক যাত্রীকে আটক করা হয়েছে। তিনি ফেনীর ছাগলনাইয়া উপজেলার বাসিন্দা।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে শ্রীলঙ্কা হয়ে দুবাই থেকে আসা ফিটসএয়ারের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ অবতরণ করে। গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যাত্রীর লাগেজ তল্লাশি চালিয়ে একটি অত্যাধুনিক গ্যাসচালিত এয়ারগান উদ্ধার করা হয়।
কর্তৃপক্ষ জানায়, এয়ারগানটি ভেঙে সাইকেলের যন্ত্রাংশের ভেতরে কৌশলে লুকিয়ে আনা হয়েছিল, যাতে সাধারণ স্ক্যানিংয়ে সহজে ধরা না পড়ে। এছাড়া তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে প্রায় ১০০ গ্রাম স্বর্ণের গহনা, তিনটি মোবাইল ফোন, একটি ল্যাপটপ, ১০ কার্টন সিগারেট, পাঁচ কেজি খাদ্যসামগ্রী ও দুই লিটার পারফিউম।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক যাত্রী জানান, মাত্র ১০ হাজার টাকার বিনিময়ে তিনি এসব পণ্য বহন করছিলেন। পরবর্তীতে অধিকতর তদন্তের জন্য তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়।
বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ মোবারক হোসেন বলেন, “গোয়েন্দা নজরদারির ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযুক্ত যাত্রীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। অস্ত্র ও শুল্ক ফাঁকির বিষয়ে পৃথকভাবে তদন্ত করা হবে।”
এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।










