আমের মুকুলে মোহিত গাইবান্ধা, কৃষকের চোখে বাম্পার ফলনের স্বপ্ন।
- আপডেট সময় : ০৫:০৪:০৫ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
- / ১২২ বার পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধি:
ঋতুরাজ বসন্তের স্নিগ্ধ ছোঁয়ায় বদলে গেছে প্রকৃতির রূপ। গাইবান্ধার প্রতিটি উপজেলার গ্রাম থেকে গ্রামান্তর—সবখানেই এখন আমের মুকুলের মিষ্টি সুবাসে ভরে উঠেছে বাতাস। সবুজ পাতার ফাঁকে সোনালি আভা ছড়িয়ে ফুটে থাকা মুকুল যেন জানিয়ে দিচ্ছে সম্ভাবনার নতুন বার্তা। আর সেই সুবাসে মুখর হয়ে উঠেছে জনপদ, কৃষকের চোখে জেগেছে বাম্পার ফলনের স্বপ্ন।
জেলার বাড়ির আঙিনা, রাস্তার ধারের গাছ থেকে শুরু করে বাণিজ্যিক আমবাগান—সবখানেই এখন মুকুলের দোলাচল। বসন্তের রোদ আর মৃদু বাতাসে দুলছে মুকুল, আর সেই নয়নাভিরাম দৃশ্য দেখে বাগান মালিক ও চাষিদের মুখে ফুটেছে তৃপ্তির হাসি। কারণ এই সময়ের সঠিক পরিচর্যার ওপরই নির্ভর করছে মৌসুমের কাঙ্ক্ষিত ফলন।
কৃষি বিভাগ জানিয়েছে, বর্তমান আবহাওয়া আম চাষের জন্য বেশ অনুকূল। বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ বা শিলাবৃষ্টি না হলে এবার জেলায় বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। স্থানীয় চাষিদের ভাষ্য, গত বছরের তুলনায় এবার আগাম মুকুল এসেছে বেশি। কুয়াশার প্রকোপ কম থাকলে ল্যাংড়া, গোপালভোগ, হিমসাগর ও আম্রপালিসহ বিভিন্ন জাতের আমে ভরে উঠবে জেলার প্রতিটি বাগান ও বাড়ির চারপাশের আমগাছ।
এদিকে মুকুল রক্ষায় কৃষকদের ব্যস্ততা এখন তুঙ্গে। হপার পোকার আক্রমণ প্রতিরোধ ও মুকুল ঝরে পড়া ঠেকাতে তারা কৃষি কর্মকর্তাদের পরামর্শ অনুযায়ী কীটনাশক ও ছত্রাকনাশক প্রয়োগ করছেন। পাশাপাশি বাগানে মৌমাছির আনাগোনা বাড়ায় স্বাভাবিক পরাগায়ন হচ্ছে, যা ফলন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
জেলা ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধপ্তরের কর্মকর্তারা নিয়মিত মাঠপর্যায়ে গিয়ে চাষিদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন। সব মিলিয়ে আমের মুকুলকে ঘিরে গাইবান্ধা জেলায় এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যের মাঝে কৃষকের বুকভরা আশা—মুকুল থেকে ফল, আর সেই ফলে ঘরে ফিরবে সোনালি স্বপ্নের হাসি।










