বন্ধ শিল্পপ্রতিষ্ঠান পুনরায় চালুর সিদ্ধান্ত সরকারের।
- আপডেট সময় : ০৩:৪২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
- / ১২১ বার পড়া হয়েছে

বেসরকারি উদ্যোক্তাদের সম্পৃক্ত করে দেশের রুগ্ন ও বন্ধ শিল্পপ্রতিষ্ঠান পুনরায় চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে নতুন কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি শিল্পখাতকে গতিশীল করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান।
তিনি বলেন, “দেশের রুগ্ন ও বন্ধ শিল্পপ্রতিষ্ঠানগুলো পুনরায় চালু করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। বেসরকারি উদ্যোক্তাদের অংশগ্রহণে এসব শিল্পপ্রতিষ্ঠান পুনরুজ্জীবিত করা হবে, যাতে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়।”
তিনি আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনি প্রতিশ্রুতির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ছিল রুগ্ন ও বন্ধ শিল্পপ্রতিষ্ঠানগুলো চালু করে কর্মসংস্থান সৃষ্টি করা। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর নির্দেশনায় বলা হয়েছে, বন্ধ ও রুগ্ন পাটকল এবং চিনি কারখানাগুলো পুনরায় চালু করে সেখানে পুরোনো শ্রমিকদের বহাল রাখতে হবে এবং একইসঙ্গে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে।
এ বিষয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী জানান, প্রধানমন্ত্রী নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বন্ধ ও রুগ্ন শিল্পপ্রতিষ্ঠানগুলো পুনরায় চালুর জন্য দ্রুত কার্যকর উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন। এ লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের কমিটি ইতোমধ্যে কাজ শুরু করেছে।
সরকারের এই উদ্যোগ বাস্তবায়িত হলে শিল্পখাতে নতুন গতি আসবে এবং দেশের কর্মসংস্থান পরিস্থিতিতে ইতিবাচক পরিবর্তন ঘটবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।










