ঝিনাইদহে রাশেদ খানের সামনেই বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ, পুলিশসহ আহত ১০
- আপডেট সময় : ০৭:১৬:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
- / ১২৪ বার পড়া হয়েছে

ঝিনাইদহ প্রতিনিধি | ২৭ ফেব্রুয়ারি ২০২৬:
ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে তিন পুলিশ সদস্যসহ মোট পাঁচজন আহত হয়েছেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে কালীগঞ্জ থানার সামনে অবস্থিত দলীয় কার্যালয়ে বৈঠক চলাকালে এ ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যরা হলেন— সহকারী উপপরিদর্শক (এএসআই) জাহিদ হোসেন, কনস্টেবল পিপলু মিয়া ও সেলিম রেজা। আহত অন্য দুজন স্থানীয় বিএনপি নেতা-কর্মী।
স্থানীয় সূত্রে জানা যায়, ধানের শীষ প্রতীকের প্রার্থী রাশেদ খানের কার্যালয়ে মহারাজপুর ইউনিয়নের নেতা-কর্মীদের নিয়ে একটি সাংগঠনিক বৈঠক চলছিল। বৈঠকের এক পর্যায়ে অভ্যন্তরীণ বিরোধকে কেন্দ্র করে তর্কাতর্কি শুরু হয়, যা পরে হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়।
ধাওয়া-পাল্টাধাওয়ার এক পর্যায়ে এক পক্ষ কালীগঞ্জ থানার ভেতরে ঢুকে পড়ে। সেখানে আবারও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে তিন পুলিশ সদস্য আহত হন। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন রাশেদ খান। তিনি ভোটের ফলাফলে তৃতীয় স্থান লাভ করেন। ওই আসনে জয়ী হন জামায়াতে ইসলামীর প্রার্থী আবু তালিব।
সংঘর্ষের বিষয়ে রাশেদ খান বলেন, সকালে দলীয় কার্যালয়ে নেতা-কর্মীরা সাক্ষাৎ করতে আসেন। আলোচনার এক পর্যায়ে হঠাৎ করে তাদের মধ্যে বিরোধ দেখা দেয়। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, তা তিনি নিশ্চিত নন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন বলেন, দলীয় কার্যালয়ে বৈঠক চলাকালে দুই পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। পরে তারা রাস্তায় নেমে এসে থানার ভেতরে প্রবেশ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে তিন পুলিশ সদস্য আহত হন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।










