গাইবান্ধায় দুই সেমাই কারখানায় অভিযান: ২ হাজার কেজি ভেজাল সেমাই জব্দ
- আপডেট সময় : ০৬:১০:২১ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৪৭ বার পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধা সদর পৌরসভার কুটিপাড়া এলাকায় অবস্থিত দুটি সেমাই কারখানায় যৌথ অভিযানে বিপুল পরিমাণ রংমিশ্রিত ও অনুমোদনবিহীন সেমাই জব্দ করেছে র্যাব, জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও ভ্রাম্যমাণ আদালত। অভিযানে দুই প্রতিষ্ঠানের মালিককে জরিমানা ও কারাদণ্ড প্রদান করা হয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে পরিচালিত এই অভিযানের নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী কারখানাগুলোতে তল্লাশি চালিয়ে উৎপাদন ও সংরক্ষণ প্রক্রিয়ায় একাধিক অনিয়মের প্রমাণ পায়।
অভিযানে ‘বিসমিল্লাহ লাচ্ছা সেমাই’ কারখানা থেকে প্রায় ২ হাজার কেজি প্যাকেটজাত রংমিশ্রিত ও অনুমোদনবিহীন সেমাই জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ টাকা। পাশাপাশি ১০০ কেজি খোলা সেমাই এবং কৃত্রিম ফ্লেভার ও রং উদ্ধার করা হয়। এ অপরাধে প্রতিষ্ঠানটির পরিচালক সুজন মিয়াকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
এছাড়া একই এলাকায় অবস্থিত ‘নুরানী ফুড’ কারখানা থেকে প্রায় ৭০ কেজি রংমিশ্রিত সেমাই জব্দ করা হয়, যার বাজারমূল্য প্রায় ৭০ হাজার টাকা। এ ঘটনায় কারখানার পরিচালক রুবেল মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা পরিশোধে ব্যর্থ হলে তাকেও এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযানে র্যাব-১৩ এর কর্মকর্তা, জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পবিত্র রমজান মাস সামনে রেখে ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে। খাদ্যে ভেজাল, ক্ষতিকর রং ও অনুমোদনবিহীন উপাদান ব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে বলেও তারা সতর্ক করেন।
স্থানীয় সচেতন মহল এই অভিযানকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত তদারকি ও কঠোর শাস্তিই পারে ভেজাল খাদ্য থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে।










