ইরানের পাল্টা হামলায় ২০০ মার্কিন সেনা নিহত: আইআরজিসি
- আপডেট সময় : ০৮:৪০:২৬ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
- / ১১৪ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রতিক্রিয়ায় তেহরান পাল্টা সামরিক জবাব দিয়েছে বলে দাবি করেছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। বাহিনীটির পক্ষ থেকে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে চালানো ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ২০০ মার্কিন সেনা নিহত হয়েছে। তবে এই দাবি সরাসরি নাকচ করে দিয়েছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম)।
রাশিয়ার সংবাদ সংস্থা তাস নিউজের এক প্রতিবেদনে বলা হয়, ইরানের নিখুঁত ক্ষেপণাস্ত্র হামলায় যুক্তরাষ্ট্রের একাধিক সামরিক স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আইআরজিসি আরও দাবি করে, এ হামলায় সেন্টকমের একটি রণতরী গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন ট্রুথফুল প্রমিজ ৪’, যা তাদের জন্য একটি বড় সামরিক সাফল্য বলে প্রচার করছে তেহরান।
তবে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে সেন্টকমের এক মুখপাত্র এসব দাবি সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দেন। তিনি বলেন, “২০০ মার্কিন সেনা নিহত বা আহত হওয়ার দাবি বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। আমাদের কোনো নৌযান ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্যও নেই।”
সেন্টকম জানায়, ইরানের হামলার বেশিরভাগই তাদের প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সফলভাবে প্রতিহত করা হয়েছে এবং এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এই পাল্টাপাল্টি বক্তব্যের ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। বিশ্লেষকরা বলছেন, এ পরিস্থিতি দীর্ঘ হলে আঞ্চলিক নিরাপত্তা ও বৈশ্বিক রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে।










