জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- আপডেট সময় : ০৪:৫৯:৫৫ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
- / ১০৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
জনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী Tarique Rahman।
বুধবার (৪ মার্চ) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দফতরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন পরে সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, ই-হেলথ কার্ড চালুর কাজ দ্রুত শুরু করতে স্বাস্থ্যমন্ত্রীকে নির্দেশ দেওয়া হয়েছে। সরকারের নীতি হলো চিকিৎসাসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। এ লক্ষ্য বাস্তবায়নে স্বাস্থ্য মন্ত্রণালয়কে আরও সক্রিয় হতে বলা হয়েছে।
বৈঠকে সরকারি বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার পরিত্যক্ত ভবন চিহ্নিত করে সেগুলো স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে এনে ক্লিনিক ও চিকিৎসাকেন্দ্র হিসেবে গড়ে তোলার বিষয়েও আলোচনা হয়। জানানো হয়, শুধু এলজিইডির অধীনেই ১৭০টি পরিত্যক্ত ভবন রয়েছে। এসব ভবনকে স্বাস্থ্যসেবার কাজে ব্যবহার করতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
সভায় দেশের জনসংখ্যা বৃদ্ধির বিষয়টিও গুরুত্ব পায়। উপস্থাপিত পরিসংখ্যান অনুযায়ী, দেশে প্রতি বছর প্রায় ৩৪ লাখ নবজাতক জন্ম নেয়। এ পরিস্থিতিতে জনসংখ্যা নিয়ন্ত্রণে আরও কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
বিএনপির নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ—যার মধ্যে ৮০ শতাংশ নারী ও ২০ শতাংশ পুরুষ—এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের শূন্য পদে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগের বিষয়েও আলোচনা হয়েছে।
এ ছাড়া দুর্গম এলাকার স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসকদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে স্বাস্থ্যমন্ত্রী Sardar Md. Sakhawat Hossain-কে তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী।
বৈঠকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিতসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।










