গ্যাস সংকটে সার কারখানার উৎপাদন বন্ধ
- আপডেট সময় : ০৩:৩৬:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
- / ১৩৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
দেশের চলমান তীব্র গ্যাস সংকটের কারণে নরসিংদীর পলাশে অবস্থিত দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম বৃহৎ ও পরিবেশবান্ধব সার উৎপাদনকারী প্রতিষ্ঠান Ghorashal‑Palash Fertilizer PLC-এর উৎপাদন বন্ধ হয়ে গেছে।
বুধবার (৪ মার্চ) বিকেল থেকে সরকারি নির্দেশনার পরিপ্রেক্ষিতে কারখানাটির সার উৎপাদন বন্ধ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. ফখরুল আলম।
কারখানা সূত্রে জানা গেছে, উৎপাদন বন্ধ থাকায় প্রতিদিন প্রায় ২ হাজার ৮০০ মেট্রিক টন সার উৎপাদন ব্যাহত হচ্ছে। এই কারখানার সার উৎপাদন সম্পূর্ণভাবে গ্যাসনির্ভর হওয়ায় গ্যাস সরবরাহে ঘাটতি দেখা দিলে উৎপাদন চালিয়ে রাখা সম্ভব হয় না।
সূত্র আরও জানায়, বর্তমানে কারখানার গুদামে প্রায় ৫ লাখ ২৫ মেট্রিক টন সার মজুত রয়েছে। কারখানাটিতে নিরবচ্ছিন্ন উৎপাদন বজায় রাখতে প্রতিদিন ৭১ থেকে ৭২ পিএসআই গ্যাস চাপ প্রয়োজন হয়। তবে ৫২ থেকে ৫৩ পিএসআই গ্যাস পাওয়া গেলেও সীমিত আকারে উৎপাদন চালানো সম্ভব।
কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, গ্যাস সরবরাহ স্বাভাবিক হলে পুনরায় পূর্ণমাত্রায় উৎপাদন শুরু করা যাবে। তবে কবে নাগাদ গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এদিকে বিষয়টি জানতে পলাশে অবস্থিত Titas Gas Transmission and Distribution PLC অফিসে যোগাযোগের চেষ্টা করা হলেও সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি। পরে এখানকার দায়িত্বরত ম্যানেজার আল আমীনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া মেলেনি।










