সাদুল্লাপুরে দুর্বৃত্তের হামলার শিকার ধাপেরহাট ইউনিয়ন যুবদল নেতা
- আপডেট সময় : ০৮:২২:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
- / ৩৫২ বার পড়া হয়েছে

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নে দুর্বৃত্তের হামলার শিকার হয়েছেন ইউনিয়ন যুবদলের সদস্য সচিব শাহীন কবির স্বপন (৩৮)।
সোমবার (৯ মার্চ) দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে ধাপেরহাট–বকশিগঞ্জ সড়কের হিংগারপাড়া গ্রামের “ডিউটি ঘর” নামক স্থানে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই সময় শাহীন কবির স্বপন সেখানে অবস্থান করছিলেন। এ সময় ৫ থেকে ৬ জনের একটি দুর্বৃত্ত দল অতর্কিতভাবে তার ওপর হামলা চালায় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। পরে তারা তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার চেষ্টা করে বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগীর আত্মচিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এলে দুর্বৃত্তরা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ডিউটিরত পুলিশ সদস্য এএসআই রেজাউল করিম তাকে উদ্ধার করেন। পরে তাকে চিকিৎসার জন্য Pirganj Upazila Health Complex-এ পাঠানো হয়।
আহত শাহীন কবির স্বপন বলেন, “আমাকে হত্যার উদ্দেশ্যেই এ হামলা চালানো হয়েছে। স্থানীয় লোকজন এগিয়ে না এলে তারা আমাকে হত্যা করত।”
গুরুতর আহত শাহীন কবির স্বপন ধাপেরহাট ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের বাসিন্দা সাহেব আলীর ছেলে।
এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি বলে জানা গেছে। তবে ঘটনাটি এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি করেছে।










