প্রাইভেট শিক্ষকের সাথে ছাত্রীর অনৈতিক সম্পর্কে অন্তঃসত্ত্বা: শিক্ষক কারাগারে
- আপডেট সময় : ০৩:৩২:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
- / ৭৬৪ বার পড়া হয়েছে

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের আরাজী ছত্রগাছা গ্রামে এক প্রাইভেট শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত শিক্ষক মুবিন (২৫)-কে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
অভিযুক্ত মুবিন ওই গ্রামের নওশা মিয়ার ছেলে এবং স্থানীয়ভাবে প্রাইভেট শিক্ষকতা করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি তিনি নবম শ্রেণির এক ছাত্রীকে প্রলোভন দেখিয়ে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়ান বলে অভিযোগ রয়েছে। এতে ওই ছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে বলে পরিবার সূত্রে জানা গেছে। বিষয়টি বুঝতে পেরে মেয়েটির পরিবার তাকে জিজ্ঞাসাবাদ করলে সে প্রাইভেট শিক্ষক মুবিনকে দায়ী বলে জানায়।
পরে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও মেয়ের পরিবার রাজি না হওয়ায় থানায় মামলা দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ গত ১৪ মার্চ রাতে মুবিনকে আটক করে। পরদিন ১৫ মার্চ তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
স্থানীয়দের দাবি, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে এর আগেও এমন অভিযোগ উঠেছিল। কয়েক বছর আগে তিনি এক নারীকে বিয়ে করলেও পরবর্তীতে তাকে ছেড়ে দেন। পরে অন্য এক নারীর সঙ্গে সম্পর্ক করে বিয়ে করেন এবং বর্তমানে ওই স্ত্রীর সঙ্গে তার একটি সন্তান রয়েছে। অভিযোগ রয়েছে, স্ত্রী ও সন্তান থাকা সত্ত্বেও তিনি প্রাইভেট পড়ানোর সময় এক ছাত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন।
এ ঘটনাকে কেন্দ্র করে আরাজী ছত্রগাছা, আমবাগান ও আশপাশের এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সুপদ হালদার জানান, অভিযোগ পাওয়ার পর অভিযুক্ত শিক্ষককে আটক করে নারী ও শিশু নির্যাতন আইনে আদালতে সোপর্দ করা হয়েছে।
স্থানীয় জনপ্রতিনিধিরাও ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।










