ট্রান্সফরমার চুরি ও হ-ত্যা মামলায় আন্তঃজেলা ডাকাত চক্রের ৭ সদস্য গ্রেপ্তার
- আপডেট সময় : ০৭:৫৫:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
- / ১০৪ বার পড়া হয়েছে

রংপুর প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জ উপজেলার বড় আলমপুর ইউনিয়নের উমরপুর গ্রামে ট্রান্সফরমার চুরি ও হ-ত্যা মামলার ঘটনায় আন্তঃজেলা ডাকাত চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। দেশের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, রংপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হকের দিকনির্দেশনায় গত ২৩ ও ২৪ মে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গাইবান্ধা, জয়পুরহাট ও বগুড়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চক্রটির সদস্যদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার জামিরুল ইসলাম (৩২), নূরুল আমিন (৬৮) ও আমিরুল ইসলাম সরদার (৫৫), সাদুল্লাপুর উপজেলার আনিছুর রহমান (৪০), গোবিন্দগঞ্জ উপজেলার সবদুল আকন্দ ওরফে শামিম (৩৪), জয়পুরহাটের কালাই এলাকার আব্দুল জলিল (৩৮) এবং বগুড়ার মোকামতলা এলাকার আব্দুল ওয়াহাব ওরফে শফিকুল।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে চক্রটি বিভিন্ন এলাকায় ট্রান্সফরমার চুরি, ডাকাতি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিক তদন্তে তথ্য পাওয়া গেছে।
উমরপুর গ্রামের ট্রান্সফরমার চুরি ও হ-ত্যা মামলার সঙ্গে তাদের সম্পৃক্ততার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ চলছে এবং চক্রটির সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আন্তঃজেলা অপরাধী চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।










