ছাগল উদ্ধার করতে গিয়ে পরিত্যক্ত কূপে বিষাক্ত গ্যাসে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু
- আপডেট সময় : ১০:৪৪:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
- / ৮১ বার পড়া হয়েছে

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের মধুপুর উপজেলায় একটি পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল উদ্ধার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে বাবা-ছেলেসহ চারজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৩ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার অরণখোলা ইউনিয়নের টেলকি জলই গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহতরা হলেন—জলই গ্রামের বাবুল হাদিমা, তার শিশুপুত্র নেইমার ম্রং, একই গ্রামের রতন নকরেক এবং গাবরিয়েল নকরেক।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম সম্পন্ন করেছে।
স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস জানায়, সকালে একটি গভীর পরিত্যক্ত কূপে একটি ছাগল পড়ে যায়। সেটিকে উদ্ধার করতে প্রথমে গাবরিয়েল নকরেক কূপে নামেন। পরে তার কোনো সাড়া না পেয়ে তাকে উদ্ধারের উদ্দেশ্যে একে একে আরও তিনজন কূপে নামেন।
ধারণা করা হচ্ছে, কূপের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসের কারণে তারা অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে ফায়ার সার্ভিসে খবর দেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে কূপের ভেতর থেকে চারজনকে উদ্ধার করে। পরে তাদের মৃত ঘোষণা করা হয়।
একই ঘটনায় বাবা-ছেলেসহ চারজনের মৃত্যুর খবরে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে এলাকায় এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা এ ধরনের পরিত্যক্ত কূপ ও ঝুঁকিপূর্ণ স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।










