হাইকোর্টের নির্দেশে গাইবান্ধায় দুটি অবৈধ ইটভাটা উচ্ছেদ
- আপডেট সময় : ০৬:১০:০৯ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
- / ১১৯ বার পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধি:
হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে গাইবান্ধায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। অভিযানের প্রথম দিনেই সদর উপজেলার সাঁকোয়া এলাকায় দুটি অবৈধ ইটভাটার চিমনি, বিভিন্ন স্থাপনা ও অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) দুপুর ২টার দিকে গাইবান্ধা সদর উপজেলার সাঁকোয়া এলাকায় এ অভিযান শুরু হয়। জেলা প্রশাসনের পরিচালনায় অভিযানটি সন্ধ্যা পর্যন্ত চলে।
অভিযানকালে দুটি অবৈধ ইটভাটার চিমনি, ভাটার বিভিন্ন স্থাপনা ও অন্যান্য অবকাঠামো ভেঙে ফেলা হয়। এ সময় জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী জেলার অবৈধ ইটভাটাগুলোর বিরুদ্ধে পর্যায়ক্রমে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। পরিবেশের ক্ষতি করে কোনো অবৈধ ইটভাটা পরিচালনার সুযোগ দেওয়া হবে না বলেও জানিয়েছে প্রশাসন।
সংশ্লিষ্টরা জানান, অবৈধ ইটভাটার বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে জেলার অন্যান্য অবৈধ ইটভাটার বিরুদ্ধেও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।










