অর্থবছরের সময়কাল পরিবর্তন করছে সরকার
- আপডেট সময় : ০৬:৩০:০৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
- / ৫৭ বার পড়া হয়েছে

বিদ্যমান ১ জুলাই থেকে ৩০ জুনের পরিবর্তে ২০২৮-২৯ অর্থবছর থেকে ১ এপ্রিল থেকে ৩১ মার্চ পর্যন্ত অর্থবছর নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
নতুন সময়কাল কার্যকর করতে ২০২৭-২৮ অর্থবছরকে রূপান্তরকালীন অর্থবছর হিসেবে বিবেচনা করা হবে। এ সময় নয় মাসের (জুলাই ২০২৭ থেকে মার্চ ২০২৮) অর্থবছর সম্পন্ন করা হবে।
সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার ১৭তম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, জুলাই-আগস্টসহ বর্ষাকালে অবকাঠামো উন্নয়ন কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে নানা ধরনের প্রতিবন্ধকতা তৈরি হয়। বৃষ্টির কারণে নির্মাণকাজ দীর্ঘায়িত হওয়ার পাশাপাশি কাজের মান ব্যাহত ও জনদুর্ভোগ সৃষ্টি হয়। নতুন অর্থবছরের সময়কাল এপ্রিল থেকে মার্চ করা হলে বর্ষা শুরুর আগেই গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়নকাজ সম্পন্ন করা সম্ভব হবে বলে মনে করছে সরকার।
এদিকে, একই বৈঠকে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।
এ ছাড়া সিসামুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘জাতীয় কৌশল ও বহু-বার্ষিক কর্মপরিকল্পনা (২০২৬-২০৩৫)’-এর খসড়ার অনুমোদন দেওয়া হয়। পাশাপাশি কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক-কর অব্যাহতি দেওয়ার প্রস্তাবও অনুমোদন করেছে মন্ত্রিসভা।










