ধাপেরহাটে যুবদল নেতা শাহিন কবির স্বপনের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল
- আপডেট সময় : ০৬:৩০:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
- / ৮২ বার পড়া হয়েছে

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ৬ নম্বর ধাপেরহাট ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মরহুম শাহিন কবির স্বপনের রুহের মাগফেরাত কামনায় শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) বাদ আছর ধাপেরহাট ইউনিয়নের আমবাগান ই.এম. বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন যুবদলের উদ্যোগে এ শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ধাপেরহাট ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রকি মন্ডল টারজানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাদুল্লাপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মাইদুল ইসলাম মিঠু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব রেজোয়ান হোসেন সুজন, যুগ্ম আহ্বায়ক মাসুদ কবির, ধাপেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাদুল্লাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শহিদুল ইসলাম শিপন, ধাপেরহাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন সরকার, সাংগঠনিক সম্পাদক মাসুদ মিয়াসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ ছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ধাপেরহাট ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা তৌফিকুর রহমান, সাধারণ সম্পাদক সুজন মিয়া, যুব জামায়াতের সভাপতি মুশফিকুর রহমান সাগর, পেশাজীবী সংগঠনের আব্দুল্লাহ আল মামুন, সর্দার নুর আলম ও রাশেদ মন্ডল। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও উপস্থিত ছিলেন।
শোকসভায় বক্তারা মরহুম শাহিন কবির স্বপনের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের স্মৃতিচারণ করেন। তারা বলেন, শাহিন কবির স্বপন ছিলেন দলের প্রতি নিবেদিতপ্রাণ, কর্মীবান্ধব ও আন্তরিক একজন সংগঠক। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি তিনি স্থানীয় মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করতেন। নেতাকর্মীদের সঙ্গে তাঁর ছিল আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক।
বক্তারা আরও বলেন, তাঁর মৃত্যুতে ধাপেরহাটের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে যে শূন্যতা তৈরি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়। সক্রিয় রাজনৈতিক কর্মী ও মানুষের কাছের মানুষ হিসেবে তাঁর অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
উপজেলা যুবদলের আহ্বায়ক মাইদুল ইসলাম মিঠু বলেন, “শাহিন কবির স্বপন শুধু একজন রাজনৈতিক সহযোদ্ধাই ছিলেন না, তিনি ছিলেন প্রাণবন্ত, সাহসী ও কর্মীবান্ধব মানুষ। তাঁর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। মহান আল্লাহ যেন তাঁকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তাঁর পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করেন।”
ধাপেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম শিপন বলেন, “স্বপনের চলে যাওয়া আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। তিনি এলাকার মানুষের সঙ্গে নিবিড়ভাবে মিশতেন এবং মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করতেন। তাঁর মৃত্যুতে আমরা একজন আপনজন ও সহযোদ্ধাকে হারিয়েছি।”
এ সময় উপজেলা যুবদলের সদস্য সচিব রেজোয়ান হোসেন সুজনসহ অন্যান্য বক্তারা মরহুমের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের বিভিন্ন স্মৃতি তুলে ধরে আবেগঘন বক্তব্য দেন।
অনুষ্ঠানে বক্তারা মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। পরে শাহিন কবির স্বপনের রুহের মাগফেরাত, কবরের আজাব থেকে নাজাত এবং জান্নাতুল ফেরদৌস কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা বেলাল হোসেন।
মোনাজাতে মরহুমের সকল ভুলত্রুটি ক্ষমা, নেক আমলের প্রতিদান এবং জান্নাতুল ফেরদৌস কামনা করা হয়। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ও শক্তি দানের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করা হয়।










