রংপুর চিড়িয়াখানায় অভিযানে ২৭ তরুণ-তরুণী আটক
- আপডেট সময় : ০৫:০৮:১৩ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
- / ৫৭ বার পড়া হয়েছে

রংপুর প্রতিনিধি: রংপুর চিড়িয়াখানায় সামাজিক পরিবেশ ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২৭ তরুণ-তরুণীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটক ব্যক্তিদের মধ্যে ১৪ জন তরুণ ও ১৩ জন তরুণী। তাদের বয়স ১৫ থেকে ২২ বছরের মধ্যে।
বুধবার দুপুরে চিড়িয়াখানা প্রাঙ্গণে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদির জানান, আটক ব্যক্তিদের বিষয়ে প্রাথমিক যাচাই-বাছাই চলছে। বিষয়টি পর্যালোচনা করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
রংপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী জানান, বিভিন্ন বিনোদনকেন্দ্রে সামাজিক পরিবেশ ও শৃঙ্খলা ক্ষুণ্ন হওয়ার অভিযোগ পাওয়া যাচ্ছিল। এতে সাধারণ দর্শনার্থী ও পরিবার নিয়ে আসা মানুষের স্বাচ্ছন্দ্য বিঘ্নিত হচ্ছে।
তিনি বলেন, সাধারণ মানুষের অভিযোগের পরিপ্রেক্ষিতে রংপুর চিড়িয়াখানায় অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এবং বিনোদনকেন্দ্রগুলোর পরিবেশ সুন্দর ও সুশৃঙ্খল রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।










