রাষ্ট্রপতির শপথের দিন নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী, দায়িত্বেও রদবদল
- আপডেট সময় : ০৬:২৩:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
- / ১০৭ বার পড়া হয়েছে

ঢাকা প্রতিনিধি: নতুন রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথের দিন মন্ত্রিসভায় যুক্ত হয়েছেন চার নতুন মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী। একই সঙ্গে কয়েকজন মন্ত্রীর দপ্তরে পরিবর্তন আনা হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শপথ নেওয়ার পর তিনি নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীকে শপথ পড়ান।
নতুন চার মন্ত্রী হলেন—আবদুল মঈন খান, রশিদুজ্জামান মিল্লাত, সাচিং প্রু জেরী ও আন্দালিভ রহমান পার্থ। নতুন দুই প্রতিমন্ত্রী হলেন—হুমায়ুন কবির (টেকনোক্রেট) ও মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
আবদুল মঈন খান নতুন মন্ত্রী হিসেবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। এর আগে এই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রশিদুজ্জামান মিল্লাত প্রতিমন্ত্রী থেকে মন্ত্রী হিসেবে পদোন্নতি পেয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। একই মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম রিতাকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয়েছে। বান্দরবানের এই সংসদ সদস্য নতুন মন্ত্রী হিসেবে শপথ নেন।
অন্যদিকে, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী হয়েছেন। এ মন্ত্রণালয়ের আগের মন্ত্রী জহির উদ্দিন স্বপনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা করা হয়েছে।
নতুন প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। এ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) দায়িত্ব পালন করছেন।
অন্যদিকে, টেকনোক্রেট প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়া হুমায়ুন কবিরকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। একই মন্ত্রণালয়ের বর্তমান প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামও দায়িত্বে বহাল থাকছেন। ফলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এখন দুইজন প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করবেন। মন্ত্রণালয়টির মন্ত্রী হিসেবে রয়েছেন খলিলুর রহমান।
নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রী নিয়োগ ও দপ্তর পুনর্বণ্টনের ফলে সরকারের মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে।










