গাইবান্ধায় সাংবাদিক প্রশিক্ষণে বৈষম্যের’ অভিযোগে তরুণ সাংবাদিকদের বিক্ষোভ
- আপডেট সময় : ০৫:২২:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
- / ৭৬ বার পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধায় জেলা তথ্য অফিসের আয়োজনে বাংলাদেশ প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ কার্যক্রমে প্রকৃত, কর্মরত ও তরুণ সাংবাদিকদের অংশগ্রহণের সুযোগ না দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে গাইবান্ধা সার্কিট হাউসের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন একদল তরুণ সাংবাদিক।
বিক্ষোভে অংশ নেওয়া সাংবাদিকদের অভিযোগ, সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচিতে একই ব্যক্তিদের বারবার অংশগ্রহণের সুযোগ দেওয়া হচ্ছে। অন্যদিকে মাঠপর্যায়ে নিয়মিত কাজ করা নতুন ও তরুণ সাংবাদিকদের অনেকেই প্রশিক্ষণের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।
তাদের আরও অভিযোগ, কোনো কোনো ক্ষেত্রে স্বামী-স্ত্রী দুজনকেও একই ধরনের প্রশিক্ষণে অংশগ্রহণের সুযোগ দেওয়া হলেও নতুন ও উদ্যমী সাংবাদিকদের জন্য সুযোগ সীমিত রাখা হচ্ছে। এতে প্রশিক্ষণ কার্যক্রমের স্বচ্ছতা ও অংশগ্রহণকারী নির্বাচনের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে বলে দাবি করেন তারা।
বিক্ষোভকারী সাংবাদিকরা বলেন, সাংবাদিকতার শুরুতে পেশাগত দক্ষতা অর্জনের জন্য প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে মাঠপর্যায়ে কর্মরত নতুন ও তরুণ সাংবাদিকদের জন্য এসব প্রশিক্ষণ অভিজ্ঞতা ও দক্ষতা বৃদ্ধির গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করে। কিন্তু একই ব্যক্তিরা বারবার সুযোগ পেলে প্রশিক্ষণের সুফল বৃহত্তর সাংবাদিক সমাজের কাছে পৌঁছায় না।
তারা প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের নির্বাচন প্রক্রিয়া আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার দাবি জানান। পাশাপাশি যোগ্যতা, কর্মরত থাকার প্রমাণ ও পেশাগত প্রয়োজনের ভিত্তিতে প্রশিক্ষণে অংশগ্রহণের সুযোগ দেওয়ার আহ্বান জানান তারা।
তরুণ সাংবাদিকদের দাবি, একই ব্যক্তিকে বারবার সুযোগ না দিয়ে গাইবান্ধার কর্মরত, প্রকৃত ও উদ্যমী সাংবাদিকদের মধ্যে প্রশিক্ষণের সুযোগ ন্যায্যভাবে বণ্টন করা হলে সাংবাদিকদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি পুরো সাংবাদিক সমাজ উপকৃত হবে।










