সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, আগে জানত না বাংলাদেশ
- আপডেট সময় : ০৫:৪৩:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
- / ১২৯ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:
সৌদি আরবের পবিত্র মক্কায় একটি মসজিদে সংঘটিত অপরাধের অভিযোগে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়টি আগে থেকে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা। ঘটনার বিস্তারিত তথ্য জানতে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট।
ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় ও জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের সূত্রে এ তথ্য জানা গেছে।
কনস্যুলেটের একটি সূত্র জানায়, মৃত্যুদণ্ড কার্যকরের আগে সৌদি কর্তৃপক্ষ বাংলাদেশের সংশ্লিষ্ট দপ্তরকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি তাদের নজরে আসে। এরপর ঘটনার বিস্তারিত জানতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে চিঠি পাঠানো হয়।
সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) গত বুধবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের তথ্য জানায়। মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ওই দুই বাংলাদেশি হলেন নজরুল ইসলাম ও সুইটি আখতার।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, মক্কার একটি মসজিদে অনৈতিক ও অশালীন কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সৌদি নিরাপত্তাবাহিনী তাঁদের গ্রেপ্তার করেছিল।
প্রতিবেদনে বলা হয়, প্রাথমিক তদন্ত শেষে তাঁদের বিরুদ্ধে অভিযোগ এনে আদালতে পাঠানো হয়। সৌদি আরবের শরিয়াহ আইনের অধীনে ‘তাআজির’ বিধান অনুযায়ী আদালত তাঁদের মৃত্যুদণ্ড দেন বলে জানানো হয়েছে। পরে উচ্চতর বিচারিক কর্তৃপক্ষ রায় বহাল রাখে এবং রাজকীয় আদেশের মাধ্যমে দণ্ড কার্যকরের নির্দেশ দেওয়া হয়।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে পবিত্র মসজিদের নিরাপত্তা ও ধর্মীয় মর্যাদা রক্ষা এবং আইন লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা তুলে ধরা হয়েছে।
সৌদি আরবে বেসরকারি সূত্রের বরাতে জানা গেছে, কয়েক মাস ধরে জেদ্দার আদালতে এ মামলার বিচারপ্রক্রিয়া চলছিল। এ সময় বাংলাদেশের দুজন বিশিষ্ট নাগরিক দোভাষী হিসেবে সহযোগিতা করেছিলেন বলেও জানা গেছে।
এদিকে কনস্যুলার সম্পর্কবিষয়ক ভিয়েনা সনদের ৩৬ অনুচ্ছেদ অনুযায়ী, বিদেশে কোনো দেশের নাগরিক গ্রেপ্তার হলে সংশ্লিষ্ট দেশের কনস্যুলেটকে অবহিত করা এবং কনস্যুলার সহায়তা পাওয়ার সুযোগ দেওয়ার বিষয়টি নির্ধারিত রয়েছে। তবে এ ক্ষেত্রে দুই বাংলাদেশি তাঁদের গ্রেপ্তারের বিষয়টি বাংলাদেশ কনস্যুলেটকে জানাতে অনুরোধ করেছিলেন কি না, তা এখনো স্পষ্ট নয়।
নাম প্রকাশ না করার শর্তে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা বলেছেন, দুই বাংলাদেশির আটক, বিচারপ্রক্রিয়া, আইনি সহায়তা এবং আপিলের সুযোগ সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি। তাঁদের পক্ষে কেউ বাংলাদেশ মিশনের সঙ্গে যোগাযোগ করেছিলেন কি না, সেটিও পরিষ্কার নয়।
বাংলাদেশ কনস্যুলেটের পাঠানো চিঠির জবাবে সৌদি কর্তৃপক্ষ কী তথ্য দেয়, তা জানার অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।










