পলাশবাড়ীতে জাতীয় যুব দিবস উদযাপন, ১৩ জন পেলেন যুব ঋণের চেক
- আপডেট সময় : ০৪:৫৯:০১ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
- / ৭৮ বার পড়া হয়েছে

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার পলাশবাড়ীতে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে। ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার (১ নভেম্বর) দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।
সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে পৌরশহরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সহকারী কমিশনার (ভূমি) আল-ইয়াসা-রহমান তাপাদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের সংসদ সদস্য আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম লেবু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আমিনুল ইসলাম।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তরুণ কুমার দত্ত, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সাইয়েদুল মোফাচ্ছালিন, উপজেলা সমবায় কর্মকর্তা জিল্লুর রহমান, পলাশবাড়ী মডেল প্রেসক্লাবের সভাপতি রবিউল হোসেন পাতা এবং সফল উদ্যোক্তা জাকিরুল ইসলাম, সাদিনা বেগম ও সাধনা আক্তার।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিদ্যুৎ কুমার বিশ্বাস।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তরুণদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। পাশাপাশি কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরিতে যুব উন্নয়নমূলক কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
সভা শেষে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও যুব ক্লাবের সদস্যদের উপস্থিতিতে যুব সমিতির ১৩ জন সদস্যের মধ্যে যুব ঋণের চেক বিতরণ করেন অতিথিরা।









