সাদুল্লাপুরে মোটরসাইকেলের ধাক্কায় ৫ বছরের শিশু নিহত
- আপডেট সময় : ০৪:৩৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
- / ৭৭ বার পড়া হয়েছে

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সাদুল্লাপুরে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় হুমায়রা (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) বিকেলে উপজেলার নলডাঙ্গা-দশলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হুমায়রা নলডাঙ্গা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও দেবী চৌধুরানী ডিগ্রি কলেজের প্রভাষক হামিদুল ইসলামের দ্বিতীয় কন্যা।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে বাড়ির সামনের রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির মোটরসাইকেল শিশুটিকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার উদ্দেশ্যে রওনা হন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই শিশুটির মৃত্যু হয়।
মাত্র পাঁচ বছর বয়সী হুমায়রার এমন আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।









