অবশেষে আলোচিত সেই ৭০ বছরোর্ধ্ব নারী ধর্ষণ মামলার আসামি গ্রেফতার
- আপডেট সময় : ০৬:২০:৫২ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
- / ৫৭৩ বার পড়া হয়েছে

অবশেষে আলোচিত সেই ৭০ বছরোর্ধ্ব নারী ধর্ষণ মামলার আসামি গ্রেফতার
নিজস্ব প্রতিনিধি:
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের দেশব্যাপী আলোচিত ৭০ বছরোর্ধ্ব নারী ধর্ষণ মামলার প্রধান আসামি আইয়ুব আলী (৪৫) অবশেষে পুলিশের জালে ধরা পড়েছে।
রবিবার (২ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ঢাকার মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে মামলার তদন্ত কর্মকর্তা এসআই সুপদ হাওলাদার সঙ্গীয় ফোর্সসহ তাকে গ্রেফতার করেন। এ অভিযানে নেতৃত্ব দেন পুলিশ সুপারের নির্দেশে গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার।
পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার ১৪ দিন পর এ আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা বাহিনী। আইয়ুব আলীর আটকের খবর ছড়িয়ে পড়লে সাদুল্লাপুরসহ আশপাশের এলাকায় স্বস্তি ও উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। স্থানীয়রা বাংলাদেশ পুলিশকে ধন্যবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিশেষ করে গাইবান্ধার পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ, তদন্ত কেন্দ্রের ইনচার্জ, মামলার তদন্ত কর্মকর্তা এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন স্থানীয়রা।
উল্লেখ্য, ১৯ অক্টোবর ধর্ষণের ঘটনার পর থেকেই আসামি আইয়ুব আলী আত্মগোপনে চলে যায়। এ ঘটনায় বাদীপক্ষ ও এলাকাবাসী বারবার তার গ্রেফতারের দাবি জানিয়ে মানববন্ধন, বিক্ষোভ ও সমাবেশ করে আসছিল।
গত বৃহস্পতিবার ৩০ অক্টোবর ধর্ষণের ঘটনার ১২ দিন অতিবাহিত হলেও আসামি গ্রেফতার না হওয়ায় স্থানীয়রা জাতীয় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। পরে গাইবান্ধার পুলিশ সুপার নিশাত এ্যঞ্জেলার নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শরীফ আল রাজীব, পিপিএম, (প্রশাসন ও অর্থ) ঘটনাস্থলে উপস্থিত হয়ে ৭২ ঘণ্টার মধ্যে আসামি গ্রেফতারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় এলাকাবাসী।
প্রতিশ্রুত ৭২ ঘণ্টা পূর্ণ হওয়ার আগেই রবিবার রাতে গ্রেফতার হলো আলোচিত ধর্ষণ মামলার আসামি আইয়ুব আলী। তার গ্রেফতারের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশের প্রশংসায় ভরে ওঠে ফেসবুক ও স্থানীয় মহল।
স্থানীয়রা বলছেন, “এ ধরনের দ্রুত ও কার্যকর পদক্ষেপ পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও বাড়িয়ে দিয়েছে।”
পুলিশ সূত্রে জানা গেছে, আইয়ুব আলীকে গ্রেফতারের বিষয়ে বিস্তারিত তথ্য আগামী সোমবার (৩ নভেম্বর) একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
সাম্প্রতিক সময়ে সাদুল্লাপুরে সংঘটিত আলোচিত দুটি ধর্ষণ মামলার আসামি স্বল্প সময়ের মধ্যে গ্রেফতার হওয়ায় এলাকাবাসী পুলিশের ভূমিকার প্রতি সন্তোষ প্রকাশ করেছেন।তারা গত ৩১ অক্টোবর সকাল সাড়ে ৮ টায় চট্টগ্রামের দূর্গম পাহাড়ী এলাকা থেকে অপর ১৮ অক্টোবর সংঘটিত আলোচিত ৯ বছরের শিশু ধর্ষণ মামলার আসামিকে গ্রেফতার করে ১৬৪ ধারায় জবান বন্দী রেকর্ড শেষে জেল হাজতে প্রেরণ করেছে।










