সাদুল্লাপুরে অবৈধ ব্যাটারির সিসা তৈরির কারখানা বন্ধ করে দিল প্রশাসন।
- আপডেট সময় : ০৬:৩২:০২ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
- / ১৭৯ বার পড়া হয়েছে

সাদুল্লাপুরে অবৈধ ব্যাটারির সিসা তৈরির কারখানা বন্ধ করে দিল প্রশাসন।
সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বদলাগাড়ী গ্রামের আবাসিক এলাকার পাশে কৃষিজমিতে অনুমোদনবিহীনভাবে গড়ে ওঠা পুরাতন ব্যাটারি ভেঙে সিসা তৈরির কারখানাটি অবশেষে বন্ধ করে দিয়েছে প্রশাসন।
রবিবার (২ নভেম্বর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জসিম উদ্দিনের নেতৃত্বে অভিযানে গিয়ে কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
সহকারী কমিশনার (ভূমি) মো. জসিম উদ্দিন বলেন, পরিবেশ অধিদপ্তরের কোনো ছাড়পত্র ছাড়াই অবৈধভাবে এই কারখানায় পুরাতন ব্যাটারি ভেঙে সিসা উৎপাদন করা হচ্ছিল। বিষয়টি জানার পর পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে স্থাপনাটি পরিদর্শন করা হয়। পরিদর্শন শেষে কারখানার উৎপাদন কার্যক্রম তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়।
তিনি আরও জানান, কারখানার মালিকের কাছ থেকে লিখিত অঙ্গীকারনামা নেওয়া হয়েছে যে, পরিবেশ অধিদপ্তরের বৈধ ছাড়পত্র ছাড়া ভবিষ্যতে তারা পুনরায় উৎপাদন কার্যক্রম শুরু করবে না। যদি পুনরায় তারা অবৈধভাবে কারখানা চালু করে, তবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে এবং তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে।
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে এই অবৈধ কারখানাটি থেকে নির্গত বিষাক্ত কেমিক্যালের ধোঁয়া, এসিডের গন্ধ ও তীব্র শব্দ দূষণে স্থানীয়দের চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল। এর ফলে এলাকার মানুষ স্বাস্থ্যঝুঁকিতে পড়েছেন এবং কারখানা থেকে নিঃসৃত রাসায়নিক বর্জ্যের কারণে আশপাশের শতাধিক বিঘা জমির ফসল নষ্ট হয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।
এ অবস্থায় সম্প্রতি ভুক্তভোগী এলাকাবাসী পরিবেশ অধিদপ্তর, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে কয়েকদিন আগে উপজেলা প্রশাসন কারখানাটি বন্ধ করে দিলেও পরে মালিকপক্ষ পুনরায় উৎপাদন শুরু করে। পরবর্তীতে প্রশাসনের এই অভিযানে কারখানাটি আবারও বন্ধ করে দেওয়া হয়।











