পলাশবাড়ীতে অতর্কিত হামলায় গুরুতর আহত সনাতনী ব্যক্তি কালিয়া সাধু — মোটরসাইকেল আটক, হামলাকারীরা পলাতক
- আপডেট সময় : ০৫:৪১:২৫ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
- / ২৩৩ বার পড়া হয়েছে

পলাশবাড়ীতে অতর্কিত হামলায় গুরুতর আহত সনাতনী ব্যক্তি কালিয়া সাধু — মোটরসাইকেল আটক, হামলাকারীরা পলাতক
পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার পলাশবাড়ীতে দুর্বৃত্তদের অতর্কিত হামলায় কালিয়া সাধু (৫৫) নামে সনাতনী এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক সাতটার দিকে উপজেলার হোসেনপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের বুড়িতলা ব্রীজের ওপর।
আহত কালিয়া সাধু ঝাপড় গ্রামের মৃত অনন্ত সরকারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় কালিয়া সাধু মধ্যরামচন্দ্রপুরের শ্রীশ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দিরে পূজা শেষে বাড়ি ফিরছিলেন। পথে বুড়িতলা ব্রীজের উপর মোটরসাইকেলসহ অবস্থানরত তিন দুর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে। জীবন বাঁচাতে কালিয়া সাধু চিৎকার করলে আশেপাশের লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়।
স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত কালিয়া সাধুকে প্রথমে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
এদিকে খবর পেয়ে পলাশবাড়ী থানার এসআই সামিউল ইসলাম ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিদর্শন করেন এবং ঘটনাস্থল থেকে ফেলে যাওয়া মোটরসাইকেলটি জব্দ করে থানায় নিয়ে যান। আহতের পরিবারের পক্ষ থেকে এ ঘটনার মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
এ ঘটনায় এলাকাজুড়ে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। সনাতন ধর্মাবলম্বীরা এই হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত হামলাকারীদের শনাক্ত করে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।










